ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে মঙ্গলবার আসছে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার সকালে তাদের হজরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা।
এই সফরকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার পর এটা তাদের প্রথম বাংলাদেশ সফর।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মেয়েদের ওয়ানডে তিনটি ৬, ৭ ও ৯ সেপ্টেম্বর। ১১, ১২ ও ১৪ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি।
সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সকাল ৯টায় ও টি-টোয়েন্টি সকাল ১০টায় শুরু হবে।
সিরিজ শেষে ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশেই অনুশীলন করে ২১ সেপ্টেম্বর বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে দক্ষিণ আফ্রিকার মহিলা দল।
গত মাসে আয়ারল্যান্ডে পাকিস্তান ও স্বাগতিকদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলা সালমা খাতুনের দলের এটাই হবে প্রথম ঘরোয়া সিরিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৫৪ঘ.
bdnews24