২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগে ব্যাটিং করে ক্লার্কের আফসোস

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া ভুল ছিল জানিয়ে পাকিস্তানের কাছে হারের দায় স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 05:19 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া ভুল ছিল জানিয়ে পাকিস্তানের কাছে হারের দায় স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। শুক্রবার আবুধাবিতে অস্ট্রেলিয়াকে সহজেই ৭ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে সমতা এনেছে পাকিস্তান। ক্লার্ক বলেন, “আমরা এখানে অনুশীলন করেছি। কিন্তু তখন এতো শিশির পড়তে দেখিনি। তাই ফিল্ডিং করতে নামার সময় আমরা সবাই বিস্মিত হয়ে যাই। টস জিতে ব্যাট করার সিদ্ধান্তকে ভুলই বলতে হবে।” শিশিরের কারণে মাটিতে বল পড়েই ভিজে যাচ্ছিলো। বল গ্রিপ করতেও তাই ভীষণ সমস্যা হচ্ছিলো অস্ট্রেলিয়ার বোলারদের। ক্লার্ক অবশ্য প্রতিপক্ষের প্রশংসা করতে ভোলেননি। তিনি বলেন, “পাকিস্তানকে পুরো কৃতিত্ব দিতে হবে। তারা সত্যিই খুব ভালো খেলেছে, ভালো বল করেছে এবং লক্ষ্য তাড়া করতে নেমে ভালো ব্যাট করেছে।” পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক টস হেরেও পরে ব্যাট করার সুযোগ পেয়ে দারুণ খুশি। তিনি বলেন, “টস হেরে ভালোই হয়েছে। বৃহস্পতিবার রাতেও শিশির পড়েনি। তাই কোনো দলই বুঝতে পারেনি কী হতে যাচ্ছে। কিন্তু শুক্রবার সেই শিশিরই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।” পিঠের চোটের কারণে দ্বিতীয় ওয়ানডেতে না খেলা শহীদ আফ্রিদির সুস্থতার দিকে তাকিয়ে মিসবাহ। সোমবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ওয়ানডের দ্রুততম শতকের মালিককে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩১৮ঘ.