ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় স্পিনারদের সঙ্গে লড়াইয়ে জয় পেতে সতীর্থদের আক্রমণাত্মক হওয়ার আহ্বান জানিয়েছিলেন রস টেলর। উদ্যোগটা নিলেন তিনি নিজেই। অধিনায়কের আক্রমণাত্মক শতকের ওপরে ভর করে ব্যাঙ্গালোরে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩২৮ রান নিয়ে অনেকখানি স্বস্তিতে নিউজিল্যান্ড।
শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা অতিথিদের শুরুটা অবশ্য একদমই ভালো হয়নি। সবাইকে অবাক করে দিয়ে দিনের প্রথম ওভার করার জন্য বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝার হাতে বল তুলে দেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ওঝা মেডেন পেলেও প্রথম ওভারে সাফল্য এনে দিতে পারেননি ভারতকে। কিন্তু জহির খান তার প্রথম ওভারেই সফল। দিনের দ্বিতীয় ওভারে ব্রেন্ডন ম্যাককালামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। তখন ম্যাককালাম তো বটেই, নিউজিল্যান্ডেরও শূন্য রান।
এরপর কেন উইলিয়ামসনের (১৭) সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন মার্টিন গাপটিল। জুটিটা ভাঙ্গেন ওঝা, উইলিয়ামসনকে এলবিডব্লিউ করে।
শুরু থেকেই দৃঢ়তার সঙ্গে ব্যাট করা গাপটিলও (৫৩) ওঝার শিকার। গাপটিল মিডউইকেটে গৌতম গম্ভীরকে ক্যাচ দিয়ে ফিরে আসার সময় ৩ উইকেটে ৮৯ রান নিয়ে নিউজিল্যান্ড কিছুটা অস্বস্তিতে ছিল।
তবে চতুর্থ উইকেটে টেলর আর ড্যানিয়েল ফ্লিনের ১০৭ রানের জুটি দুশ্চিন্তা দূর করে দেয় অতিথিদের। ৩৩ রান করা ফ্লিনকে বিদায় করেন প্রথম টেস্টে ভারতের জয়ের অন্যতম নায়ক অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
তবে টেলরকে শতক বঞ্চিত করতে পারেননি স্বাগতিক বোলাররা। ওঝাকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে মাত্র ৯৯ বলে সপ্তম টেস্ট শতকে পৌঁছে যান নিউজিল্যান্ড অধিনায়ক।
টেলর অবশ্য সেই ওঝারই এলবিডব্লিউর শিকার। ১২৭ বলে খেলা ১১৩ রানের চমৎকার ইনিংসটি ১৬টি চার ও দুটি ছক্কায় সাজানো।
ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেলর ফিরে আসার পর দলের আর কোনো ক্ষতি হতে দেননি ক্রুগার ভ্যান উইক ও ডগ ব্রেসওয়েল। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে দুজনের অবদান ৮২ রান।
ক্যারিয়ারের সপ্তম টেস্টে প্রথম অর্ধশতকের দেখা পাওয়া ভ্যান উইক ৬৩ এবং ব্রেসওয়েল ৩০ রানে অপরাজিত।
৯০ রানে ৪ উইকেট নিয়ে ওঝা দিনের সেরা বোলার।
আলোর স্বল্পতায় শুক্রবার ৮১ ওভার ৩ বলের বেশি হতে পারেনি। শনিবার তাই আধ ঘন্টা আগে অর্থাৎ স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সাড়ে ৯টা) খেলা শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: প্রথম ইনিংস ৩২৮/৬ (গাপটিল ৫৩, ম্যাককালাম ০, উইলিয়ামসন ১৭, টেলর ১১৩, ফ্লিন ৩৩, ফ্র্যাঙ্কলিন ৮, ভ্যান উইক ৬৩*, ব্রেসওয়েল ৩০*; ওঝা ৪/৯০, জহির ১/৭৪, অশ্বিন ১/৮২)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৫৫ঘ.
bdnews24