ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার রাতে ত্রিনিদাদের উদ্দেশে রওনা দিচ্ছে জাতীয় ক্রিকেট দল।
জাতীয় দলের ব্যবস্থাপক তানজীব আহসান সাদ জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ৯টায় এমিরেটসের একটি বিমানে দেশ ছাড়বে জাতীয় দল।
শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। যদিও এই টুর্নামেন্টে মুশফিকুর রহিমের দল খেলবে বিসিবি একাদশ নামে।
দীর্ঘ দিনের সফর হলেও শুক্রবার সকালেও অনুশীলন করেছেন ক্রিকেটাররা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমে সকাল নয়টা থেকে দুই ঘন্টারও বেশি সময় কাটিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
২ সেপ্টেম্বর ত্রিনিদাদ পৌঁছানোর পর দুদিন অনুশীলন করবেন মুশফিক-সাকিবরা। ৫ সেপ্টেম্বর ত্রিনিদাদ, ৬ সেপ্টেম্বর বার্বাডোজ, ৭ সেপ্টেম্বর আফগানিস্তান এবং ৮ সেপ্টেম্বর আবার ত্রিনিদাদের মুখোমুখি হবে বিসিবি একাদশ।
টুর্নামেন্ট শেষ হওয়ার পর ১২ সেপ্টেম্বর সরাসরি শ্রীলঙ্কায় চলে যাবে জাতীয় দল।
১৫ সেপ্টেম্বর জিম্বাবুয়ে ও ১৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে ‘ডি’ গ্র“পে ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ড ও ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের লড়াই পাকিস্তানের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৪০৬ঘ.
bdnews24