ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি র্যাংকিংয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ডের চেয়ে বেশ পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসের দিক থেকে বাংলাদেশ মোটেও পিছিয়ে নেই বলে মনে করেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
এসএলপিএলে খেলার কারণে অনুপস্থিত অধিনায়ক মুশফিকুর রহিমের বদলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন তিনি। এক প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহ বলেন, “র্যাংকিংয়ে আমরা ওদের চেয়ে বেশ পিছিয়ে। তবে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে যে কোনো দলকেই হারানো সম্ভব।”
“এর মধ্যে আমরা অনেক ম্যাচ খেলেছি। এই ফলে আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। এবারের বিশ্বকাপে আত্মবিশ্বাসই আমাদের মূল পুঁজি,” যোগ করেন তিনি।
স্পিন আক্রমণের পাশাপাশি বাংলাদেশের পেস আক্রমণকেও শক্তিশালী বলে মনে করেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, “মাশরাফি বিন মুতর্জা, শফিউল ইসলাম সুহাস ও আবুল হাসান রাজুর উপস্থিতিতে পেস আক্রমণ বেশ কার্যকর। বিশেষ করে অভিজ্ঞ মাশরাফির উপস্থিতি দলের জন্য দারুণ সহায়ক।”
অসুস্থতার জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বুধবারের দুটি অনুশীলন ম্যাচের একটিতেও খেলেন নি মাশরাফি। তারপরও জাতীয় দল নিয়ে গড়া বিসিবি লাল দুই ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ ‘এ’ ও একাডেমি দল নিয়ে গড়া বিসিবি সবুজকে।
প্রথম ম্যাচে ব্যাটিং অনুশীলনটা ভালো হয়েছে বিসিবি লাল দলের। টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসানের শতকের সুবাদে ৫ উইকেটে ২২৫ রান করে বিসিবি সবুজ। ৫৮ বলে ১০টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ১৩৪ রান করেন মাহমুদুল।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান নাঈম ইসলামের। এছাড়া সাব্বির রহমান ২৪ রান করেন।
বিসিবি লাল দলের পক্ষে শফিউল ও আব্দুর রাজ্জাক দুটি করে উইকেট নেন।
জবাবে ১৬ ওভার ২ বলে লক্ষ্যে পৌঁছে যায় বিসিবি লাল দল। ৩৫ বলে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৫ রান করেন সাকিব আল হাসান। মাত্র ১৫ বলে ১টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন জুনায়েদ সিদ্দিক। ১৯ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন জহুরুল ইসলাম।
সবুজ দলের পক্ষে রুবেল হোসেন ২ উইকেট নেন ৫০ রানে।
দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে জিয়াউর রহমান (৩৬ বলে ৫৯) ও মোহাম্মদ আশরাফুলের (৪৫ বলে ৫৯) দুটি অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ১৮৯ রান করে বিসিবি লাল দল।
রুবেল ৪৭ রানে নেন ৩ উইকেট।
জবাবে ১৪ ওভার ৩ বলে ৯৮ রানে অলআউট হয়ে যায় বিসিবি সবুজ দল। সর্বোচ্চ ৩০ রান করেন সাব্বির। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান মুক্তার আলীর।
বিসিবি লাল দলের পক্ষে ফরহাদ রেজা, জুনায়েদ, রাজ্জাক ও জিয়া দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৪৯ ঘ.
bdnews24