২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন স্ট্রাউস

পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। বুধবার তিনি এই ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। বুধবার তিনি এই ঘোষণা দেন। এক সংবাদ সম্মেলনে স্ট্রাউস বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে অনেক চিন্তাভাবনার পর আমি ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সেই সঙ্গে সব ধরণের ক্রিকেট থেকে আমি আমার অবসরের ঘোষণা দিচ্ছি।” “পরিষ্কারভাবেই এই সিদ্ধান্তটি নেয়া বেশ কঠিন ছিলো। কিন্তু আমার বিশ্বাস এই পর্যায়ে সরে দাঁড়ানোয় আমার এবং ইংল্যান্ডের ক্রিকেট উভয়ের স্বার্থই সর্বোত্তমভাবে রক্ষা হলো,” যোগ করেন ইংল্যান্ডের সফলতম এই অধিনায়ক। ২০০৯ সালে ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার পর ব্যাক টু ব্যাক অ্যাশেজ সিরিজ জয়ের পাশাপাশি ইংল্যান্ডকে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে নিয়ে গিয়েছিলেন স্ট্রাউস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ঘরোয়া সিরিজে তিন ম্যাচের টেস্ট সিরিজ ০-২ এ হারের পর প্রতিপক্ষের কাছে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারায় ইংল্যান্ড। এই সিরিজে বাজে ফর্মে থাকা স্ট্রাউসের ব্যাটিং গড় মাত্র ১৭.৮৩। সর্বোচ্চ রান ৩৭। লর্ডসে তৃতীয় টেস্টটি ছিলো ৩৫ বছর বয়সী স্ট্রাউসের শততম টেস্ট। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮০ রানে হেরে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও হারিয়েছে ইংল্যান্ড। আর ইতিহাসের প্রথম দল হিসেবে তিন ধরণের ক্রিকেটেরই শীর্ষস্থানে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৩৭ ঘ.