২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওরামের অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে উভা

জ্যাকব ওরামের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম সেমিফাইনালে ওয়াইম্বা ইউনাইটেডকে ২০ রানে হারিয়েছে উভা। বুধবার দ্বিতীয় ফাইনালে কান্দুরাতা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে নাগেনাহিরা নাগাস। জয়ী দলের সঙ্গে শুক্রবার এসএলপিএলের উদ্বোধনী আসরের ফাইনালে খেলবে উভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 06:32 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্যাকব ওরামের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম সেমিফাইনালে ওয়াইম্বা ইউনাইটেডকে ২০ রানে হারিয়েছে উভা। বুধবার দ্বিতীয় ফাইনালে কান্দুরাতা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে নাগেনাহিরা নাগাস। জয়ী দলের সঙ্গে শুক্রবার এসএলপিএলের উদ্বোধনী আসরের ফাইনালে খেলবে উভা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭১ রান করে উভা। জবাবে ৮ উইকেটে ১৫১ রানেই থেমে যায় টুর্নামেন্টে এর আগে মাত্র এক ম্যাচ হারা ওয়াইম্বা। নিজেদের ইনিংসের শেষ ৩৭ বলে ৮২ রান তুলে ওয়াইম্বাকে প্রথম ধাক্কা দেয় উভা। আর লক্ষ্য তাড়া করতে নামার পর ৩০ বলে ২৭ রানে ৭ উইকেট তুলে নিয়ে মাহেলা জয়াবর্ধনের দলকে দ্বিতীয় ধাক্কাটা দেয় থিলিনা কান্দাম্বের দল। অষ্টম উইকেটে ১২০ রানের জুটি গড়ে ‘মিরাকলের’ স্বপ্ন দেখাচ্ছিলেন আজহার মেহমুদ (৪৭ বলে ৭৫*) ও ইসারু উদানা (৩৮ বলে ৪২)। জয়ের জন্য শেষ দুই ওভারে ৩৪ রান প্রয়োজন ছিল ওয়াইম্বার। আগের দুই ওভারে ৩৬ রান নিয়ে উভাকে শঙ্কায় ফেলে দিয়েছিলেন মেহমুদ ও উদানা। কিন্তু ওমর গুলের করা ১৯তম ওভারে ৮ রানের বেশি নিতে পারায় ‘মিরাকল’ কিছু ঘটানো তাদের পক্ষে সম্ভব হয় নি। ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা ওরাম উভার সেরা বোলার। এর আগে ব্যাট করতে নেমে ৫ রানেই ভানুকা রাজাপাকসার (৪) বিদায়ে উভার শুরুটা ভালো হয় নি। দ্বিতীয় উইকেটে দিলশান মুনাবীরার (২৩) সঙ্গে ৩৯ ও তৃতীয় উইকেটে শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে ২৬ রানের ছোট দুটি জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন কান্দাম্বে (২৯)। এরপর অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (০) ও সিক্কুগে প্রসন্নর (৯) দ্রুত বিদায়ে চাপে পড়ে উভা। ৮৯ রানে ৫ উইকেট হারানো উভাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন চন্দরপল ও ওরাম (১৭ বলে ৪১)। ষষ্ঠ উইকেটে ৪ ওভারে ৫৬ রানের জুটি গড়েন তারা। দলীয় ১৪৫ রানে ওরাম বিদায় নিলেও ৪১ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন চন্দরপল। ১৭ রানে ২ উইকেট নিয়ে আব্দুল রাজ্জাক ওয়াইম্বার সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৩০ ঘ.