ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সীমিত ওভারের সিরিজ এবং সেপ্টেম্বর-অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে হলে পাকিস্তানকে ব্যাটিং এবং ফিল্ডিংয়ে আরো উন্নতি করতে হবে বলে মনে করেন জহির আব্বাস।
পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান দেশটির দৈনিক ‘দ্য নেশন্স’কে বলেন, “অস্ট্রেলিয়ার বোলারদের লাইন-লেন্থ খুব ভালো। তাদের ফিল্ডিং তো দুর্দান্ত। অন্যদিকে পাকিস্তানের ক্রিকেটারদের ব্যাটিং-ফিল্ডিং নিয়ে রীতিমত সংগ্রাম করতে হয়।”
পাকিস্তানের সাবেক অধিনায়ক জাতীয় দলকে পরামর্শও দিয়েছেন। তিনি বলেন, “দলকে বিশাল সংগ্রহ গড়তে সাহায্য করতে পাকিস্তানের ব্যাটসম্যানদের লম্বা ইনিংস খেলতে হবে। তাহলেই বোলাররা উজ্জীবিত হয়ে মাঠে নামতে পারবে। সেই সঙ্গে ফিল্ডারদেরও ঠিক-ঠাক ক্যাচ ধরে দলের জয়ে অবদান রাখা দরকার।”
“অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে হলে পাকিস্তানকে কঠোর পরিশ্রম করতে হবে। এই সিরিজ জিতলেই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবে,” যোগ করেন জহির আব্বাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৫৭ঘ.
bdnews24