ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। শুক্রবার দ্বিতীয় ওয়ানডে।
সংযুক্ত আর আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ১ বলে ১৯৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৪৮ ওভার ২ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে ৬৭ রানে চার উইকেট হারানো অস্ট্রেলিয়াকে পথ দেখান অধিনায়ক মাইকেল ক্লার্ক ও জর্জ বেইলি। পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে আসেন তারা।
দলীয় ১২১ রানে ক্লার্ককে মোহাম্মদ হাফিজ এলবিডব্লিউর ফাঁদে ফেললে আশা জেগে পাকিস্তানের। তবে ষষ্ঠ উইকেটে গ্লেন ম্যাক্সওয়েলের (৩৮) সঙ্গে বেইলির ৬৩ রানের জুটি অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে। দলীয় ১৮৪ রানে ম্যাক্সওয়েল বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক।
ম্যাচ শেষে ৫৭ রানে অপরাজিত থাকেন বেইলি। ৩৮ রানে আসাদ শফিকের হাতে বেইলি ও ৮ রানে কামরান আকমলের হাতে ম্যাক্সওয়েল জীবন না পেলে খেলার ফলাফল অন্যরকমও হতে পারতো।
৩০ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার সাঈদ আজমল।
ব্যাট করতে নেমে ৪০ রানে দলের প্রথম তিন ব্যাটসম্যান সাজঘরের পথ ধরলে পাকিস্তানের শুরুটা ভালো হয় নি।
চতুর্থ উইকেটে অধিনায়ক মিসবাহ-উল-হকের (২৬) সঙ্গে ৫৯ ও পঞ্চম উইকেটে ওমর আকমলের সঙ্গে ৬১ রানের দুটি কার্যকর জুটি গড়ে ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন শফিক (৫৬)।
৩৫ ওভার শেষে দলটির স্কোর ছিল ১৫৯/৪। সেখান থেকে পরের ১০ ওভার ১ বলে ৩৯ রান করতেই শেষ ৬ উইকেট হারিয়ে দুশর আগেই গুটিয়ে যায় পাকিস্তান।
ব্যাটিং পাওয়ার প্লের তৃতীয় বলে (৩৫ ওভার ৩ বল) শফিকের বিদায়ের মধ্য দিয়ে পাকিস্তানের বিপর্যয়ের শুরু। রানের গতি বাড়ানোর বদলে পাওয়ার প্লের ৫ ওভারে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তি¡তে পড়ে মিসবাহর দল।
এরপর দলীয় ১৮০ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ওমর আকমলও (৫২) বিদায় নিলে আর বেশি দূর এগোয়নি তাদের ইনিংস।
৪২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা মিচল স্টার্ক অস্ট্রেলিয়ার সেরা বোলার। এই প্রথম পাঁচ উইকেটে নিলেন স্টার্ক। এছাড়া জেমস প্যাটিনসন ৩ উইকেট নেন ১৯ রােেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০১৫ ঘ.
bdnews24