ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বাইরেও প্রথম শ্রেণীর ক্রিকেটারদের চুক্তির আওতায় এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে মোট চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ালো ১২০ জনে।
কেন্দ্রীয় চুক্তিতে আগে থেকেই ছিলেন ১৫ ক্রিকেটার। এবার আটটি অঞ্চলের অধীনে আরও ১০৫ জন ক্রিকেটারকে বেতন কাঠামোয় এনেছে বিসিবি। নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় রাজিন সালেহ, তাপস বৈশ্যদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যেমন আছেন তেমনি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলে আসা আনামুল হক বিজয়, লিটন দাসের মতো তরুণরাও রয়েছেন।
মঙ্গলবার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দফায় ৩৪ ক্রিকেটারের হাতে চুক্তিপত্র তুলে দিয়েছে বিসিবি। শিগগিরই বাকিদের হাতেও তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।
গত জাতীয় লিগের পারফরম্যান্স বিবেচনায় বেতন কাঠামোয় আসা খেলোয়াড়দের চুক্তির মেয়াদ ২০১৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। ১ থেকে ৫ বছর, ৬ থেকে ১০ বছর ও ১০ বছরের বেশি সময় ধরে ক্রিকেট খেলা খেলোয়াড়দের তিনটি শ্রেণীতে বেতন দেয়া হবে।
খেলোয়াড়দের জীবন বীমার প্রিমিয়াম ও বেতনসহ বছরে বিসিবির খরচ হবে ২ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার ১২৫ টাকা। এর মধ্যে বীমার প্রিমিয়াম বাবদ ব্যয় হবে ২৩ লাখ ৮৬ হাজার ১২৫ টাকা।
অনুষ্ঠানে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, “বাংলাদেশের ক্রিকেটের জন্য আজ বিশেষ একটি দিন। দেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি টার্নিং পয়েন্ট। খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা পাওয়ার চেয়েও বড় ব্যাপার হচ্ছে ক্রিকেটে অবদানের জন্য তাদের সম্মান ও স্বীকৃতি পাওয়া।”
“বিসিবির আর্থিক অবস্থা মজবুত হয়েছে। ৪০ কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আয়ের প্রধান খাত মিডিয়া স্বত্ব থেকে খুব কম অর্থ পেয়েছি আমরা। এই খাতে অনেক অর্থ বকেয়া রয়ে গেছে। তারপরও অনেকটাই স্বচ্ছল আমরা। হাতে ১৮০ কোটি টাকা রয়েছে। শিগগির এই অঙ্ক পৌঁছুবে দু’শ কোটি টাকার কাছাকাছি”, যোগ করেন তিনি।
বিসিবির টুর্নামেন্ট কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “পিরামিড কাঠামোয় এতো দিন সর্বোচ্চ পর্যায়ে কিছু ক্রিকেটার বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। এবার ১২০ জন খেলোয়াড়কে চুক্তির আওতায় এনে আমরা ভিতটাকেও মজবুত করে নিয়েছি।”
প্রধান নির্বাচক আকরাম খান মনে করেন, এই উদ্যোগের ফলে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেট এগিয়ে যাবে। ক্রিকেটারদের আগ্রহ বাড়বে এবং দেশের ক্রিকেট সামনে দিকে এগুবে।
“দল নির্বাচনের সময় আমরা বয়স দেখি না। ২৭ হলেই কেউ বাদ এমন কোনো দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে নেই। ফিটনেস ও পারফরম্যান্স ঠিক থাকলে বয়স কোনো বাধা নয়,” যোগ করেন সাবেক এই অধিনায়ক।
খেলোয়াড়দের পক্ষ থেকে হান্নান সরকার বলেন, “ক্রিকেটাররা অনেক দিন ধরেই এই উদ্যোগের অপেক্ষায় ছিল। এটা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা তৈরি করবে। এর ফলে ক্রিকেটারদের ক্যারিয়ার লম্বা হবে।”
অনুষ্ঠানে জাতীয় দলের কোচ রিচার্ড পাইবাস, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৮১৯ ঘ.
bdnews24