২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার অভিজ্ঞতা কাজে লাগাতে চান রিয়াদ

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলার অভিজ্ঞতা দেশটিতে আগামী সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কাজে লাগবে বলে মনে করছেন জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 08:54 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলার অভিজ্ঞতা দেশটিতে আগামী সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কাজে লাগবে বলে মনে করছেন জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সোমবার অনুশীলন শেষে মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে তিনি বলেন, “বিশ্বকাপের আগে এসএলপিএলে খেলাটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। ক্যান্ডির উইকেট সম্পর্কে ভালো ভাবে জানার সুযোগ পেয়েছি আমরা।” বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্যায়ের দু’টি খেলাই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতি স্টেডিয়ামে। ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ২৫ সেপ্টেম্বরের ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। ক্যান্ডির পিচ নিয়ে মাহমুদুল্লাহ বলেন, “সেখানে স্পিনারদের জন্য বেশ টার্ন রয়েছে। আবার পেসারদের জন্য সুইংও রয়েছে। এখানে রান পেতে হলে ব্যাটসম্যানদের ধৈর্য্য ধরতে হবে”, যোগ করেন মাহমুদুল্লাহ। এসএলপিএলে মাহমুদুল্লাহ ছাড়াও দলের অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল খেলছেন। তবে শুরু থেকেই নাগেনাহিরা নাগাসের সঙ্গে থাকলেও এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি নাসির হোসেনের। এসএলপিএলে দুই ম্যাচ খেলা মাহমুদুল্লাহ বলেন, “এসএলপিএলে বোলিং ভালো হয়েছে। তবে ব্যাটিং আরও ভালো হতে পারতো।” টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে দ্বিতীয় পর্বে দেখতে চান সহ-অধিনায়ক। তবে বিশ্বকাপের ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজে ভিন্ন কন্ডিশনে খেলতে গেলেও প্রস্তুতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করেন তিনি। “ত্রিনিদাদ ও টোবাগো সফর আমাদের বিশ্বকাপ পরিকল্পনার অংশ। সেখানকার উইকেট কেমন হবে সে সম্পর্কে খুব একটা ধারনা নেই। তবে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে আমরা টার্নিং উইকেট পেয়েছিলাম।” “উইকেট কেমন হবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেখান আমরা বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবো। টি-টোয়েন্টি ম্যাচ বেশি খেলার সুযোগ আমরা পাইনি। যত বেশি খেলবো তত বেশি উন্নতি করতে পারবো। ভালো খেলার একটা ধারাবাহিকতা নিয়ে আমরা বিশ্বকাপে যেতে চাই,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৪৪২ ঘ.