ঢাকা অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটার নয়, বিশেষজ্ঞ ভাষ্যকার হিসেবে সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে।
ইসিসি ও সতীর্থদের সঙ্গে বিবাদে জড়িয়ে ৩২ বছর বয়সী পিটারসেন এবার সুযোগ পাচ্ছেন না নিশ্চিত হওয়ার পর এ খবর জানানো হল।
আইসিসির প্রচার সহযোগী ইএসপিএন-স্টারস্পোর্টস শুক্রবার বলেছে, “গত আসরের সেরা খেলোয়াড় পিটারসেন টুর্নামেন্ট চলাকালে থাকবেন ‘উপস্থাপনা ও বিশ্লেষক’ দলের সঙ্গে। এমনতি চোটের কারণে কোনো সিরিজে দলে না থাকলে খেলোয়াড়রা ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। তবে বিতর্ক জন্ম দিয়ে বাদ পড়ার কেউ এই প্রথম তা করতে যাচ্ছেন।”
হেডিংলি টেস্ট শেষে অবসরের ইঙ্গিত ও সতীর্থদের বিরুদ্ধে মানহানিকর টেক্সট ম্যাসেজের দায়ে দল থেকে বাদ পড়ার পর ক্ষমা প্রার্থণা করেন পিটারসেন। তবে তাতেই সমস্যা সমাধান হচ্ছে না, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ ও বিশ্বকাপ দলে না রেখে নিজেদের কঠোর অবস্থান ধরে রেখেছে ইসিবি।
শুধু বিশ্লেষণই নয় বিশ্বকাপের প্রচার বাড়াতেও পিটারসেন ভূমিকা রাখবেন বলে আশা করছে ইএসপিএন-স্টারস্পোর্টস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৪০ ঘ.
bdnews24