২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুজারার শতকে ভারতের দিন

চেতেশ্বর পুজারার অপরাজিত শতকের সৌজন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটি ভারতের। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩০৭/৫।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেতেশ্বর পুজারার অপরাজিত শতকের সৌজন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটি ভারতের। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩০৭/৫। প্রথম টেস্ট শতক পাওয়া পুজারা ১১৯ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২৯ রানে ব্যাট করছেন। ষষ্ঠ উইকেটে এ পর্যন্ত ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। পুজারার ২২৬ বলের ইনিংসে ১৫টি চার ও ১টি ছক্কায় সাজানো। সোনালী প্রজন্মের দুই তারকা রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের অবসরের পর প্রথম টেস্টের প্রথম দিনটিতে তাদের অভাব বুঝতে দেন নি পুজারা, বিরাট কোহলিরা। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে গৌতম গম্ভীরের (২২) সঙ্গে বীরেন্দর শেবাগের ৪৯ রানের উদ্বোধনী জুটির সৌজন্যে শুরুটা ভালোই হয় ভারতের। অর্ধশতকের কাছাকাছি গিয়ে দলীয় ৭৭ রানে শেবাগের (৪৭) বিদায়ের পর তৃতীয় উইকেটে শচীন টেন্ডুলকারের (১৯) সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন পুজারা। মধ্যাহ্ন-বিরতির পর চতুর্থ উইকেটে কোহলির (৫৮) সঙ্গে পুজারার ১২৫ রানের জুটি স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। মার্টিন গাপটিলের ক্যাচ বানিয়ে অতিথিদের জন্য বিপদজনক হয়ে উঠা এ জুটি ভাঙ্গেন ক্রিস মার্টিন। ভারতের ওয়ানডে স্কোয়াডের নিয়মিত খেলোয়াড় সুরেশ রায়না আবারো ব্যর্থ হয়েছেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে জীতেন প্যাটেলের বলে উইকেটের পেছনে ক্রুগার ভ্যান উইকের হাতে ক্যাজ দিয়ে ফেরার আগে ৩ রান করেন তিনি। ৬৩ রানে ২ উইকেটে নিয়ে ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ডের সেরা বোলার। সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৩০৭/৫ (গম্ভীর ২২, শেবাগ ৪৭, পুজারা ১১৯*, টেন্ডুলকার ১৯, কোহলি ৫৮, রায়না ৩, ধোনি ২৯*; বোল্ট ৬৩/২, ব্রেসওয়েল ১/৫৩, প্যাটেল ১/৫৮, মার্টিন ১/৬০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৩৮ ঘ.