২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রাবিড়-লক্ষ্মণের বিদায়ের পর ভারতের প্রথম টেস্ট

সোনালী প্রজন্মের দুই তারকা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের অবসরের পর বৃহস্পতিবার হায়দরাবাদে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ভারতের নতুন চেহারার মিডল অর্ডারের জন্য কঠিন পরীক্ষা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 08:05 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোনালী প্রজন্মের দুই তারকা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের অবসরের পর বৃহস্পতিবার হায়দরাবাদে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ভারতের নতুন চেহারার মিডল অর্ডারের জন্য কঠিন পরীক্ষা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে ৪-০ ব্যবধানে হেরে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষস্থান থেকে পাঁচে নেমে যাওয়া ‘টিম ইন্ডিয়া’র নতুন চেহারার মিডল অর্ডারের যথারীতি প্রধান ভরসা শচীন টেন্ডুলকার। সৌরভ-দ্রাবিড়-লক্ষ্মণ বিদায় নিলেও তিনি এখনো ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরে আছেন দৃঢ় চিত্তে। হায়দরাবাদে দ্রাবিড়-লক্ষ্মণের শূণ্যস্থান পূরণ হতে পারে তিনটি টেস্ট খেলা (যার সর্বশেষটি ২০১১র জানুয়ারিতে) চেতেশ্বর পূজারা ও টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা অজিঙ্কিয়া রাহানেকে দিয়ে। সুযোগ পেতে পারেন লক্ষ্মণের অবসরের পর ডাক পাওয়া সুব্রামানিয়াম বদ্রিনাথও। তবে যে-ই খেলুক, রস টেলরের ধারণা কাজটা তার জন্য সহজ হবে না। নিউজিল্যান্ডের অধিনায়ক বলেন, “রাহুল বা লক্ষ্মণের বিকল্প খুঁজে পাওয়া খুবই কঠিন। তারা ভারতের দুই অসাধারণ ক্রিকেটার।” কয়েক দিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে টেস্ট-ওয়ানডে দুটি সিরিজেই হেরে আসা নিউজিল্যান্ডের ক্রিকেট ইদানীং ব্যর্থতার বেদনায় জর্জরিত। ভারতে আজ পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি তারা। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরির অনুপস্থিতি এবার তাদের আরো দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। তবু লড়াই করার প্রত্যয় টেলরের কণ্ঠে। তিনি বলেন, “ভারত আমাদের ভীষণ পরিচিত জায়গা। এখানে আমরা অনেক খেলেছি। আর তাই লড়াই করার জন্য মুখিয়ে আছি।” “দেশের মাটিতে ভারত সব সময়ই কঠিন প্রতিপক্ষ। আমাদের রিভার্স সুইং ও স্পিনারদের বিপক্ষে সতর্ক থাকতে হবে,” যোগ করেন নিউজিল্যান্ডের অধিনায়ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৪০০ঘ.