ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে সহসা ফেরা হচ্ছে না ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটসম্যান কেভিন পিটারসেনের। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলের কোনটিতেই জায়গা হয়নি তার।
২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের দুই সদস্য নটিংহ্যামশায়ারের উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল লাম্ব ও সাসেক্সের অলরাউন্ডার লুক রাইট বিশ্বকাপের জন্য ঘোষিত দলে ফিরেছেন। পুরো গ্রীষ্ম ব্যাক্তিগত সমস্যায় কাটানো রবি বোপারাও রয়েছেন এতে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে টি-টোয়েন্টি অধিনায়ক স্টুয়ার্ট ব্রডকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। নির্বাচকরা মনে করছেন এতে আগামী মাসে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে সুবিধে হবে তার।
বিতর্কিত টেক্সট ম্যাসেজের পর লর্ডস টেস্ট থেকে বাদ পড়া পিটারসেনের সহসা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা ছিল খুব ক্ষীণ। ইংল্যান্ডের জাতীয় নির্বাচক জিওফ মিলার বলেন, “কেভিন পিটারসেনের ভবিষ্যত নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয় নি। তাকে দুই স্কোয়াডের কোনটিতেই বিবেচনা করা হয় নি।”
এ ব্যাপারে দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, “এটা প্রত্যেকের জন্য দুঃখজনক পরিস্থিতি। গত বিশ্বকাপে অসাধারণ খেলেছিলেন তিনি। অথচ পরিস্থিতির কারণ এবার তিনি দলেই নেই।”
“এখনো কিছু ইস্যু আছে যার সমাধান হয় নি। সময় পেলেই আমরা সেগুলো নিয়ে বসবো,” যোগ করেন তিনি।
তিনি বলেন, “এটা শুধু অধিনায়ক ও কেভিনের ব্যাপার নয়। এর শিকড় আরো গভীরে। বিশ্বাস ও পারস্পারিক শ্রদ্ধা অবশ্যই প্রয়োজন। সামনের দিকে এগুতে হলে আগে এর সমাধান জরুরি।”
ইংল্যান্ডের প্রথম কোনো বিশ্বকাপ জেতার পেছনে মূল কারিগর ছিলেন পিটারসেন। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন তিনিই।
গত মে মাসে ওয়ানডে থেকে অবসর নেয়ার পর থেকে তার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় তৈরি হয়। ইসিবির নিয়মানুযায়ী সীমিত ওভারের এক ধরনের ক্রিকেট থেকে অবসর নিলে অন্য ধরনের ক্রিকেটেও তাকে বিবেচনা করা হয় না।
পরে এই সিদ্ধান্ত থেকে সরে এসে তিন ফরম্যাটের ক্রিকেটেই দেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি। কিন্তু ততক্ষণে ‘মানহানিকর’ টেক্সট ম্যাসেজ লিখে নতুন বিতর্ক জন্ম দিয়ে দলে জায়গা হারান তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছেন অ্যালিস্টার কুক (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, রবি বোপারা, টিম ব্রেসন্যান, জাদে ডেনবার্ক, ক্রেইগ কিসওয়েটার, জনি বেয়ারস্টো, স্টিভেন ফিন, ইয়ন মর্গান, সমিত প্যাটেল, গ্রায়েম সোয়ান, জোনাথন ট্রট ও ক্রিস হোয়াকস।
ইংল্যান্ড বিশ্বকাপ দল: স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), বেয়ারস্টো, বোপারা, ব্রেসন্যান, ড্যানি ব্রিগস, জস বাটলার, ড্রেনবাক, ফিন, আলেক্স হালেস, কিসওয়েটার, মাইকেল লাম্ব, মর্গান, প্যাটেল, সোয়ান ও লুক রাইট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএ/১৮৩০ ঘ.
bdnews24