২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেন-কাণ্ডে মর্মাহত ওয়ার্ন

দীর্ঘ দিনের বন্ধু কেভিন পিটারসেনের আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসনকে ‘ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। যদিও এই পরিস্থিতির জন্য ইংল্যান্ডের ক্রিকেট কর্মকর্তাদের পাশাপাশি পিটারসেনকেও দায়ী করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 08:37 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘ দিনের বন্ধু কেভিন পিটারসেনের আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসনকে ‘ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। যদিও এই পরিস্থিতির জন্য ইংল্যান্ডের ক্রিকেট কর্মকর্তাদের পাশাপাশি পিটারসেনকেও দায়ী করেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে জায়গা হয়নি পিটারসেনের। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কাছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও ক্রিকেট কর্মকর্তাদের সমালোচনা করে পাঠানো এসএমএসের কারণে তার আন্তর্জাতিক ক্যারিয়ারই এখন হুমকির মুখে। ইংল্যান্ডের কাউন্টি হ্যাম্পশায়ারে দীর্ঘ দিন এক সঙ্গে খেলা পিটারসেনের এই কাজটিকে ‘বোকামি’ বলেই মনে করেন ওয়ার্ন। তিনি বলেন, “আমি নিশ্চিত সে তার এই সব কাজ ফিরিয়ে নিতে চাইবে।” “দু পক্ষেরই কিছু ভুল আছে। তবে সব কথার শেষ কথা হলো পিটারসেন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না। যা এক কথায় ট্র্যাজেডি,” যোগ করেন সর্বকালের সেরা লেগস্পিনার। ওয়ার্ন আরো বলেন, “পিটারসেন ইংল্যান্ডের (বোর্ডের) সঙ্গে চুক্তিতে স্বাক্ষর না করলে সে আর কখনোই জাতীয় দলে খেলতে পারবে না। এটাও হবে একটা ট্র্যাজেডি।” স্ট্রাউস ও পিটারসেনের বিরোধ আড়ালে মিটিয়ে নেয়ার পরামর্শও দিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৪৩৪ঘ.