ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) সোমবার জয় পেয়েছে ওয়াইম্বা ইউনাইটেড ও কান্দুরাতা। নাগানাহিরা নাগাসকে ৫৬ রানে হারিয়েছে ওয়াইম্বা। অন্য খেলায় রুহানাকে ৪২ রানে হারিয়েছে কান্দুরাতা।
ওয়াইম্বা-নাগানাহিরা
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯০ রান করে ওয়াইম্বা। সর্বোচ্চ ৯৬ রান করে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তার ৫০ বলের ইনিংসে ১১টি চার ও ৫টি ছক্কা।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান কুশল বীরারতেœর। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল করেন ৩২ রান।
২৯ রানে ২ উইকেট নিয়ে নাগানাহিরার সেরা বোলার অজন্তা মেন্ডিস।
জবাবে ১৯ ওভার ৫ বলে ১৩৪ রানে অলআউট হয়ে যায় নাগানাহিরা। সর্বোচ্চ ৪৮ রান করেন অ্যাঞ্জেলো পেরেরা। এছাড়া ট্র্যাভিস ব্রিট ২৫ রান করেন।
১৮ রানে ৩ উইকেট নিয়ে ওয়াইম্বার সেরা বোলার আকিলা ধনাঞ্জয়।
কান্দুরাতা-রুহানা
এর আগে একই মাঠে প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে অলআউট হওয়ার আগে ১৪২ রান করে কান্দুরাতা। জবাবে ১৭ ওভার ২ বলে ১০০ রানে অলআউট হয়ে যায় রুহানা।
লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ উইকেটে লাহিরু থিরিমান্নের (২৩) সঙ্গে শহীদ আফ্রিদির (৩৬) ৪২ রানের জুটির সুবাদে শুরুর ধাক্কা কাটিয়ে আশা জাগায় রুহানা। এক পর্যায়ে দলটির স্কোর দাঁড়ায় ৬৯/৩। থিরিমান্নের বিদায়ের পর ৩১ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১০০ রানে অলআউট হয়ে যায় দলটি।
কান্দুরাতার পক্ষে সোহেল তানভীর ও সাঈদ আজমল তিনটি করে উইকেট নেন।
এর আগে ম্যাচ সেরা কিথুরুয়ান ভিথাাঙ্গে ও জীবন্থা কুলাতুঙ্গার ৩১ রানের দুটি ইনিংসের সুবাদে দেড়শ রানের কাছাকাছি স্কোর গড়ে কান্দুরাতা।
২১ রানে ৩ উইকেট নিয়ে রুহানার সেরা বোলার দিলরুয়ান পেরেরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০৯ ঘ.
bdnews24