ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে শ্বাসরুদ্ধকর দুই জয়ে সেমিফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। তৃতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়েছে ভারত। অন্যদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।
ভারত-পাকিস্তান
টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ১ বলে ১৩৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৪৮ ওভারে ৯ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রানে ৩ উইকেট হারানো ভারতকে পথ দেখান বাবা অপরাজিত ও বিজয় জুল। চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটি গড়েন তারা। পাকিস্তানের জন্য বিপদজনক হয়ে উঠা এ জুটি ভাঙ্গে বিজয় (৩৬) রান আউট হয়ে গেলে।
অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অবিচল ছিলেন অপরাজিত। শেষ পর্যন্ত দলীয় ১২০ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেন তিনিও। তার বিদায়ের পর দ্রুত আরো ৩ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় ভারত। শেষ উইকেট জুটিতে ৭ ওভারে হারমীত সিং (১৩*) ও সন্দীপ শর্মার (২) ১০ রান ভারতকে এনে দেয় দারুণ জয়।
পাকিস্তানের পক্ষে জিয়া-উল-হক ও আজিজুল্লাহ তিনটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে রানের খাতা খুলার আগেই সাজঘরের ফেরত আসেন সামি আসলাম ও ইমাম-উল-হক। তৃতীয় উইকেটে ওমর ওয়াহিদের (২৭) সঙ্গে অধিনায়ক বাবর আজমের ৫৫ রানের জুটি পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে।
ওয়াহিদের বিদায়ের পর ৬১ রানে আরো তিন উইকেট হারিয়ে অস্তস্তি¡তে পড়ে যায় গত আসরের রানার্সআপরা।
সপ্তম উইকেটে জাফর গহরের (৮) সঙ্গে বাবরের (৫০) ৩৬ রানের জুটি দলকে নিয়ে যায় একশর কাছাকাছি। দুজনই দলীয় ৯৮ রানে বিদায় নিলেও এহসান আলীর আক্রমণাত্মক ৩৫ রানের সুবাদে দেড়শর কাছাকাছি স্কোর গড়ে দলটি।
ভারতের পক্ষে সন্দীপ ও রবীকান্ত সিং তিনটি করে উইকেট নেন।
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
টাউন্সভিলের এন্ডেভার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে শেষ বলে ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে বেন হর্নের ৫৯, ক্যাম ফ্লেচারের ৪৯ ও রবার্ট ও’ডনেলের ৪২ রানের পরও জয়ের জন্য শেষ ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৮ রান। জাস্টিন গ্রেভাসের করা ঐ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেন ইশ সোধি (২২*)।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রানসফোর্ড বিয়েটন ও কাইল মায়ের্স তিনটি করে উইকেট নেন।
এর আগে আকিল হোসেনের ৫৪, অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েইটের ৫৩ ও সুনীল আমব্রিসের ৩৫ রানের সুবাদে আড়াইর কাছাকাছি স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
৫৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাথু কুইন নিউজিল্যান্ডের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩৪৪ ঘ.
bdnews24