ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবারের প্রথম ম্যাচে উভা নেক্সটকে ২০ রানে হারিয়ে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) শীর্ষে উঠে এসেছে ওয়াইম্বা ইউনাইটেড।
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৭ রান করে ওয়াইম্বা। জবাবে ১৮ ওভার ১ বলে ১২৭ রানেই অলআউট হয়ে যায় উভা।
লক্ষ্য তাড়া করতে নেমে শিবনারায়ণ চন্দরপলের (১১) সঙ্গে দিলশান মুনাবিরার (২৬) ৩০ রানের উদ্বোধনী জুটির পরও ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে অস্বস্তি¡তে পড়ে উভা।
এরপর জেপি ওরাম (১৯ বলে ২৬) ও সেকুগে প্রসন্নের (১০ বলে ১৯) দুটি ইনিংসে আশা জাগালেও ওয়াইম্বা বোলারদের মারাত্মক বোলিংয়ে ১১ বল আগেই অলআউট হয়ে যায় উভা।
৩৩ রানে ৩ উইকেট নিয়ে চতুরঙ্গ কুমারা ওয়াইম্বার সেরা বোলার। এছাড়া ইশারু উদানা ও আকিলা ধনাঞ্জয়া দুটি করে উইকেট নেন।
এর আগে রানের খাতা খুলার আগেই তামিম ইকবালের বিদায়ে ওয়াইম্বার শুরুটা ভালো হয়নি। ১৮ রানের মধ্যে মোহাম্মদ হাফিজ ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের বিদায়ে দলের বিপদ আরো বাড়ে।
সেখান থেকে কামরান আকমলের ৩৬, মিলিন্দা সিরিবর্ধনের ২৮ ও কুশল বিরারতেœর ২৪ রানের সুবাদে দেড়শ রানের কাছাকাছি সংগ্রহ দাঁড় করায় ওয়াইম্বা।
৬ রানে ৩ উইকেট নিয়ে ওরাম উভার সেরা বোলার। এছাড়া ওমর গুল ও দিলহারা ফার্নান্দো দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১০৯ ঘ.
bdnews24