২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো সংশয়াচ্ছন্ন পিটারসেনের ভবিষ্যত

বিতর্কিত এক এসএমএস করে কেভিন পিটারসেন এখন ভীষণ বিপদে। ক্ষমাপ্রার্থনা করলেও সহজে পার না পাওয়ার সম্ভাবনাই বেশি। এই আক্রমণাত্মক ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত অন্ধকারই বলা যায় আপাতত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 04:43 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিতর্কিত এক এসএমএস করে কেভিন পিটারসেন এখন ভীষণ বিপদে। ক্ষমাপ্রার্থনা করলেও সহজে পার না পাওয়ার সম্ভাবনাই বেশি। এই আক্রমণাত্মক ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত অন্ধকারই বলা যায় আপাতত। পিটারসেন-ইস্যু নিয়ে বুধবার এক জরুরি সভায় বসেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তারা। কিন্তু আলোচনা শেষে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণার শেষ দিন শনিবার। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। টেস্ট শেষ না হওয়া পর্যন্ত পিটারসেনের বিষয়টি নিয়ে আরেকটি সভা করার সম্ভাবনা নেই-ই বলা যায়। ওই এসএমএসের জন্য তৃতীয় টেস্টের দলেই রাখা হয়নি দ্বিতীয় টেস্টের ম্যাচ সেরা পিটারসেনকে। স্ট্রাউস অবশ্য নির্বাচকদের পিটারসেনকে বাদ দেয়ার সিদ্ধান্তকে ‘সাহসী ও সঠিক’ বলে মনে করেন। তার মতে লর্ডস টেস্টে পিটারসেনের উপস্থিতি দলের জন্য ‘অগ্রহণযোগ্য’ হতো। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর ভেন্যুতে শততম টেস্ট খেলতে যাওয়া স্ট্রাউস বলেন, “সামনের দিকে এগোনোর জন্য বিশ্বাস ও পারস্পরিক সম্মানবোধ থাকতে হয়। এটা একপাক্ষিক কোনো ব্যাপার নয়। এবং এই ব্যাপারগুলোই বন্ধ দরজার পেছনে আমাদের মীমাংসা করতে হবে।” “হেডিংলিতে কেভিনের সংবাদ সম্মেলনের পর থেকেই এটি আমাদের মাথার ওপরে ঝুলে আছে। সোমবারের ঐ সিদ্ধান্ত আমাদের জন্য স্বস্তি বয়ে এনেছে। এখন আমরা শুধু খেলার দিকে মনোনিবেশ করতে পারবো। এই ঘটনা যেন মাঠে কোনো প্রভাব ফেলতে না পারে, তা নিশ্চিত করাই আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪১ঘ.