ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে লাভ হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার নামিবিয়াকে হারাতে পারলেই সুপার এইটে পৌঁছে যাবে টাইগাররা।
বুধবার অন্য ম্যাচে আয়ারল্যান্ড ১৪ রানে নেপালকে এবং আফগানিস্তান ১০ রানে স্কটল্যান্ডকে হারিয়েছে।
দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা
ব্রিসবেনের পিটার বার্গ ওভালে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথম বলেই সেবাস্টিয়ান পেরেরাকে এলবিডব্লিউ করেন দক্ষিণ আফ্রিকার পেসার কর্ন ড্রাই।
শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি শ্রীলঙ্কা। ৩৭ ওভার ৪ বলে ১৫০ রানে গুটিয়ে যায় তারা। দলীয় সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত ছিলেন নয় নম্বরে ব্যাট করতে নামা পুলিনা থারাঙ্গা।
মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট দখল করা ড্রাই দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রানে ২ উইকেট হারালেও অধিনায়ক চ্যাড বোউইস ও থেউনিস ডি ব্রুইনের দৃঢ়তায় সহজ জয় পায় দক্ষিণ আফ্রিকা।
তৃতীয় উইকেটে বোউইস (৫১ বলে ৪৬) এবং ডি ব্রুইনের (৫০ বলে ৪২) ৮০ রানের জুটির সুবাদে ৩৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রানে পৌঁছে যায় তারা।
টানা তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা ও বাংলাদেশের পয়েন্ট ২ (সমান) হলেও টাইগারদের হাতে একটি খেলা বাকি আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৬২৫ ঘ.
bdnews24