ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অভিজ্ঞ দুই ক্রিকেটার ইউনুস খান ও উমর গুলকে বিশ্রামে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে ফিরেছেন কামরান আকমল।
যদিও ফর্মের সঙ্গেও লড়াই করতে হচ্ছে ব্যাটসম্যান ইউনুস ও পেসার গুলকে। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাঁচ ম্যাচে মাত্র ৪টি উইকেট নেন গুল। আর তিন ইনিংসে ইউনুসের মোট রান ১০!
প্রধান নির্বাচক ইকবাল কাশিম বলেন, “আগামী কয়েক মাসে আমাদের বেশকিছু কঠিন প্রতিযোগিতায় নামতে হবে। তাই তাদের (ইউনুস ও গুল) বিশ্রামে রাখা হয়েছে। আমরা চাই সামনের মাসগুলোতে তারা সজীব এবং নিজেদের সেরা ফর্মে থাকুক।”
দলে নতুন মুখ আনোয়ার আলী। এছাড়াও ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল ও অলরাউন্ডার শোয়েব মালিক।
উপমহাদেশে বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেননি কামরান।
ওয়ানডে ৩টি হবে সংযুক্ত আরব আমিরাতের শারজা এবং আবুধাবিতে। ২৮ অগাস্ট প্রথম ওয়ানডে।
পাকিস্তানের ওয়ানডে দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, আজহার আলী, আসাদ শফিক, উমর আকমল, কামরান আকমল, ইমরান ফরহাত, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, সোহাইল তানভির, আইজাজ চিমা, জুনাইদ খান, আনোয়ার আলী, সাঈদ আজমল ও আব্দুল রেহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৫৩০ ঘ.
bdnews24