ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ মাসের শেষ দিকে ত্রিনিদাদ ও টোবাগো সফর এবং সেপ্টেম্বর-অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে রোববার থেকে অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
ক্যাম্পে ডাক পাওয়া ১৯ জন ক্রিকেটারের মধ্যে প্রথম দিন উপস্থিত ছিলেন ১৫ জন। অনুপস্থিত চার জনের মধ্যে মোহাম্মদ আশরাফুল ইংল্যান্ডের কেন্টে স্থানীয় লিগে খেলছেন। আর জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও নাসির হোসেন শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলতে এখন কলম্বোয়।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শেষে বাংলাদেশের কোচ রিচার্ড পাইবাস বলেন, “বাংলাদেশ এখন বেশ ভারসাম্যপূর্ণ এবং পরিপক্ব দল। এককভাবে সাকিব (আল-হাসান), তামিম (ইকবাল) বা অন্য কারো ওপরে তারা নির্ভরশীল নয়।”
ইউরোপ সফরকে ‘ইতিবাচক’ উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ এখন কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। কঠিন পরিস্থিতিতে কি করে ম্যাচ জিতে নিতে হয়, তা আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ভালো ভাবেই রপ্ত করেছে।”
“ইউরোপ সফরের অভিজ্ঞতা শ্রীলঙ্কাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগাতে চাই। আশা করি ক্রিকেটাররা ভালো খেলবে,” যোগ করেন পাইবাস।
লম্বা ছুটির পর বৃষ্টি বিঘিœত দিনে অনুশীলনে ফুরফুরে মেজাজে ছিলেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে জুনায়েদ সিদ্দিক বলেন, “আমরা অনেক দিন ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছি। আজ হাল্কা অনুশীলন হয়েছে। দলে কারোরই চোট সমস্যা নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪৬ঘ.
bdnews24