ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকপ ক্রিকেটে রোববার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে ৪ উইকেটে, ইংল্যান্ড ৭ উইকেটে আয়ারল্যান্ডকে ও নিউজিল্যান্ড ৩৯ রানে স্কটল্যান্ডকে হারিয়েছে।
সোমবার অস্ট্রেলিয়া-নেপাল, নামিবিয়া-শ্রীলঙ্কা, পাকিস্তান-স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ-পাপুয়া নিউগিনি মুখোমুখি হবে।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে সি গ্র“পের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৬ রান করে ভারত। জবাবে ৪৭ ওভার ১ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয় নি। তবে তৃতীয় উইকেটে জন ক্যাম্পবেলের (৩৬) ও পঞ্চম উইকেটে কাইল মেয়ার্সের (৪৩) সঙ্গে অ্যান্থনি অ্যালাইনের (৫২) ৫৮ রানের দুটি কার্যকর জুটি ধাক্কা সামলে ওয়েস্ট ইন্ডিজকে সহজ জয় এনে দেয়।
৩৫ রানে ৩ উইকেট নিয়ে হারমিত সিং ভারতের সেরা বোলার।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের আঁটোসাটো বোলিংয়ের বিপক্ষে রান তুলতে বেশ বেগ পেতে হয়েছে ভারতের ব্যাটসম্যানদের। প্রথম নয় ব্যাটসম্যানের কারোর স্ট্রাইকরেট ৬০ এর উপরে যেতে পারেননি।
সেকারণে স্মিত প্যাটেলের ৫১ ও বিজয় জুলের ২৬ রানের পরও ভারতের স্কোর ১৭০ এর ঘরে যায়নি।
৩৩ রানে ৩ উইকেট নিয়ে রনর্সফোর্ড বিটন ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
ইংল্যান্ড-আয়ারল্যান্ড
টাউন্সভিলের এনডেভার পার্কে এ গ্র“পের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ৪২ ওভার ২ বলে ১০৯ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। সর্বোচ্চ ২৮ রান আসে টাইরন কেনের ব্যাট থেকে।
১৪ রানে ৩ উইকেট নিয়ে রীস টপলে ইংল্যান্ডের সেরা বোলার।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ ওভার ২ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। চতুর্থ উইকেটে ক্রেইগ ওভারটন (২৬*) ও অনিশ কপিলের (৩১*) ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটির সৌজন্যে আসে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম জয়।
নিউজিল্যান্ড-স্কটল্যান্ড
বুডেরিমের জন ব্ল্যাঙ্ক ওভাল টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৭ রান করে নিউজিল্যান্ড।
অধিনায়ক উইল ইয়ংয়ের শতক (১১৫) ও রবার্ট ও’ডনেলের অর্ধশতকের (৫০) সৌজন্য্যে আড়াইশ রানের কাছাকাছি স্কোর গড়ে নিউজিল্যান্ড। ইয়ংয়ের ১১১ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা।
৩৪ রানে ৩ উইকেট নিয়ে রুয়াদ্রি স্মিথ স্কটল্যান্ডের সেরা বোলার।
লক্ষ্য তাড়া করতে নেমে ফ্রেডি কোলম্যানের ৬৫ রানের পরও ৪৬ ওভার ৫ বলে ২০৮ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান রস ম্যাকলেন।
নিউজিল্যান্ডের পক্ষে কনর নেয়নেনস ও ইস সোধি ৩টি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪২১ ঘ.
bdnews24