ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৯ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান হারালো চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের সরিয়ে এক নম্বরে উঠে গেছে ইংল্যান্ড। অবনমন হওয়া অস্ট্রেলিয়ার অবস্থান চার নম্বরে।
২০০২ সালে এই র্যাংকিং পদ্ধতি চালু হওয়ার পর এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে খারাপ অবস্থান।
বুধবার র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ ঘোষণা করা হয়। এই হালনাগাদে ২০১০ সালের অগাস্টের পর থেকে খেলা ম্যাচগুলো বিবেচনা করা হয়েছে। প্রতি বছর অগাস্টে দলগুলোর গত এক বছরের ম্যাচগুলোকে বিবেচনায় এনে আইসিসি এই র্যাংকিং ঘোষণা করে।
১২১ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দুই নম্বরে। যদিও ইংল্যন্ডের পয়েন্টও ১২১। ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১২।
এরপর যথাক্রমে শ্রীলঙ্কা (১০৮), পাকিস্তান (১০৫), ওয়েস্ট ইন্ডিজ (৯৪), নিউজিল্যান্ড (৭৪), বাংলাদেশ (৭১), জিম্বাবুয়ে (৫০), আয়ারল্যান্ড (৩৫), নেদারল্যান্ডস (১৬) ও কেনিয়া (১১)।
ওয়ানডে র্যাংকিংয়ে এক নম্বরে উঠে গেলেও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছে ইংল্যান্ড। ১৩০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা।
এখানেও অবনমন হয়েছে অস্ট্রেলিয়ার। ছয় থেকে নয় নম্বরে নেমে গেছে তারা। ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ অষ্টম স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৯৪৭ ঘ.
bdnews24