ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তারকা শূন্য হয়ে পড়ছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) প্রথম আসর। এই প্রতিযোগিতা শুরু হওয়ার মাত্র তিন দিন আগে কুঁচকির চোটের কারণে সরে দাঁড়িয়েছেন উভা নেক্সট ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ও আইকন ক্রিকেটার ক্রিস গেইল।
ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও চোটের জন্য খেলতে পারছেন না এসএলপিএলে। চোটের কারণে তাকে এসএলপিএলে অংশ নেয়ার অনুমতি দেয়নি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বিসিবি।
গত ফেব্র“য়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন গেইল। যে কারণে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে পারেননি। কয়েক দিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার সময় আবার কুঁচকিতে চোট পান ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ব্যাটসম্যান।
পাকিস্তানের বাঁহাতি স্পিনার আব্দুর রেহমান ও ওয়েস্ট ইন্ডিজের পেসার ফিদেল এডওয়ার্ডসও সরে দাঁড়িয়েছেন ১১ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া এসএলপিএল থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২৮ঘ.
bdnews24