২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপপ্রস্তুতি ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হার বাংলাদেশের

রোববার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষেই খেলবে আনামুল হকের দল। এর আগে শনিবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। রোববার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষেই খেলবে আনামুল হকের দল। এর আগে শনিবার প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। বুধবার বুডেরিনের কেভ হ্যাকনি ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২১৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে অধিনায়ক শাদ বোয়েসের অপরাজিত শতকের সুবাদে এক বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সাউথ আফ্রিকা। ব্যাট করতে নেমে সৌম্য সরকারের (২৬) সঙ্গে লিটন দাসের (৩৭) ৫৯ রানের জুটি বাংলাদেশকে ভালো সূচনা এনে দেয়। ১৩তম ওভারের প্রথম দুই বলে সৌম্য ও আনামুলের বিদায়ে বিদায়ে চাপে পড়ে দলটি। এরপর ৩৪ রানের মধ্যে লিটন, সালমান হোসেন (১) ও মোসাদ্দেক হোসেন জুনিয়র (২) সাজঘরের পথ ধরলে দলের বিপদ আরও বাড়ে। ষষ্ঠ উইকেটে আসিফ আহমেদের (৪৬) সঙ্গে আল-আমিন জুনিয়রের (৬০) ৮২ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৭৫/৫। কিন্তু শেষ দিকে দ্রুত উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়া যায়নি। দলীয় ১৭৫ রানে আসিফের বিদায়ের পর ৩৮ রানের শেষ ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পক্ষে ভিনসেন্ট মোর, কনি ড্রাই ও সোলো নকওয়েনি দুটি করে উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। ৪ রানে কুইনটন ডি কক সাজঘরের পথ ধরেন। কিন্তু দ্বিতীয় উইকেটে গি¬হান কোটে (২৯) ও চতুর্থ উইকেটে মারে কোয়েটজির (৩৮) সঙ্গে দুটি ৭৫ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে ভালো অবস্থানে নিয়ে আসেন বোয়েস। এরপর শাইলিন পিলে¬ (১৫), ডিয়েগো রোসিয়েরকে (২) দ্রুত ফিরিয়ে দিয়ে খেলায় ফিরে বাংলাদেশ। জয়ের জন্য শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১২ রান। নুর হোসেন মুন্নার করা সেই ওভারের প্রথম ৫ বলেই প্রয়োজনীয় রান তুলে নেয় দলটি। ১৪১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন বোয়েস। বাংলাদেশের পক্ষে নুর হোসেন ও আল-আমিন দুটি করে উইকেট নেন। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৫৫১ ঘ.