ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট পেস বোলারদের নিত্যসঙ্গী। কিন্তু দীর্ঘ ১৭ বছরের ক্রিকেট-জীবনে মাত্র দুবার চোটের যন্ত্রণা সইতে হয়েছিলো কোর্টনি ওয়ালশকে। এই রহস্যের আসল কারণ অবশেষে জানালেন ওয়েস্ট ইন্ডিজের পেস-কিংবদন্তি।
আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যবস্থাপক হিসেবে বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা ওয়ালশ
‘দ্য স্যাটারডে এজ’ পত্রিকাকে বলেন, “১৯৮২ সালে আমার একটি পেশিতে টান পড়েছিলো। আর (আন্তর্জাতিক ক্রিকেট-জীবনে) মাত্র একবার হ্যামস্ট্রিংয়ের (উরুর পেছন দিক) পেশিতে টান পড়েছিলো। ১৯৯৫-৯৬ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে ঐ চোটের কারণে আমি মাত্র একটি টেস্টে খেলতে পারিনি।”
ইদানীং অতিরিক্ত ক্রিকেট পেসারদের জীবনীশক্তি শুষে নিচ্ছে বলে অনেকেই অভিযোগ করেন। কিন্তু ওয়ালশের মতে তার চোটবিহীন জীবনের প্রধান কারণ অতিরিক্ত বোলিং।
তিনি বলেন, “ফিট থাকার জন্য আমি প্রচুর বল করতাম। তাই আমার পেশিগুলোও এর সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছিলো।”
“আমি জানি এখন সচেতনভাবেই তরুণ বোলারদের ওভারের সংখ্যা কমিয়ে ফেলা হচ্ছে। একজনের শরীর ৫ ওভার বল করতে অভ্যস্ত হয়ে পড়লে তার ক্ষমতাও সেখানেই সীমাবদ্ধ হয়ে পড়বে। কিন্তু আমি তা অনুসরণ করিনি। কঠোর পরিশ্রমের চাপ নেয়ার জন্য বোলিং পেশিগুলো সুস্থ রাখতে প্রচুর অনুশীলন করতাম আমি,” যোগ করেন এক সময় সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক ওয়ালশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৮ঘ.
bdnews24