ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলবেন না সাকিব আল হাসান। কারণ বাঁ হাঁটুর চোট। সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কাতেই অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার লক্ষ্যে সিদ্ধান্তটা নিয়েছেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার।
জাতীয় দলের ফিজিও বিভব সিং বলেন, “গত মাসে ইউরোপ সফরে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ম্যাচ খেলার সময় বাঁ হাঁটুতে চোট পান সাকিব। দেশে ফেরার পর তার এমআরআই করা হয়। এমআরআই রিপোর্টে অবশ্য বড় কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না।”
সাকিবও নিজেও জানিয়েছেন, “আমি কোনো ঝুঁকি নিতে চাই না। তাই এসএলপিএলে খেলবো না।”
এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেন, “জাতীয় দলের ফিজিও সাকিবকে বাঁ হাঁটুর চোট কাটিয়ে ওঠার দিকে মনযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন। বিসিবিও তাকে একই পরামর্শ দিয়ে কিছু দিন বিশ্রামে থাকতে বলেছে।”
সাকিব ছাড়া আরো চার ক্রিকেটার, জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাসির হোসেন ও ইলিয়াস সানিকে এসএলপিএলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এসএলপিএলে সাকিবের দল উথুরা রুদ্রাসের জন্য এটা নিঃসন্দেহে বিশাল দুঃসংবাদ। সাকিবকেই অধিনায়ক করার পরিকল্পনা ছিলো তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/এএআর/২০১০ঘ.
bdnews24