ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ৮ উইকেট নিতে হবে বাংলাদেশ ‘এ’ দলকে। তবে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টস একাদশের লক্ষ্য তেমন বড় নয়, মাত্র ১২০ রান। শুক্রবার ‘এ’ দলের বোলারদের তাই কঠিন পরীক্ষার সামনে পড়তে হচ্ছে।
প্রথম দিন ১৫ ও বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ১৭টি উইকেটের পতন অবশ্য শাহরিয়ার নাফীসের দলকে অনুপ্রাণিত করবেই।
৫ উইকেটে ১৬৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা কোল্টস এনামুল হক জুনিয়রের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ৬৭ রানে শেষ ৫ উইকেট হারায়।
৭৫ রানে ৬ উইকেট নেন এনামুল। ১৩ রানে শাহাদাত হোসেনের শিকার তিনটি।
১১৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করে উঠতে পারেনি প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যাওয়া ‘এ’ দল। মুমিনুল হক সৌরভ (৪৯), ইমরুল কায়েস (৪৩), ডলার মাহমুদ (২৬), সোহাগ গাজী (২৪) ও মোহাম্মদ মিঠুনের (২২) মিলিত প্রচেষ্টাও দ্বিতীয় ইনিংসে ২৩২ রানের বেশি এনে দিতে পারেনি তাদের।
তবে ব্যাটসম্যানদের ব্যর্থতা পুষিয়ে দেয়ার ইঙ্গিত দিচ্ছেন বোলাররা। বিশেষ করে অফস্পিনার সোহাগ গাজী। মাত্র ৬ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। তাই ১২/২ স্কোর নিয়ে দিন শেষ করা কোল্টস বেশ অস্বস্তিতে।
প্রথম ইনিংসে ‘এ’ দলের পেসাররা মাত্র ৬ ওভার বল করার সুযোগ পেয়েছেন। তবে দ্বিতীয় ইনিংসে শুরুতেই দুই প্রান্তে স্পিনারদের হাতে বল তুলে দিয়েছেন নাফীস। পিচ যে ভীষণ স্পিন-সহায়ক, তা আর বলার অপেক্ষা রাখে না!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৪২ঘ.
bdnews24