ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ১১ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা ভালো হলো না বাংলাদেশ দলের। বুধবার এক অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩১ রানে হেরে গেছে তারা।
ব্রিসবেনের ক্যালাউন্ড্রা ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৮ ওভার ১ বলে ২১৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তৃতীয় উইকেটে আসিফ আহমেদ রাতুলের (৩৫) সঙ্গে ৫২ ও মোসাদ্দেক হোসেন সৈকতের (৩১) সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান লিটন কুমার দাশ (৬৩)।
কিন্তু দলীয় ১৫৬ রানে লিটন ও ১৫৭ রানে সৈকতের বিদায় আবার চাপে ফেলে দেয় বাংলাদেশকে। যদিও আল আমিন জুনিয়রের (৪৪) দৃঢ়তায় ৫ উইকেটে ২১০ রানের ভালো জায়গায় পৌঁছে যায় তারা।
তবে মাত্র ৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত বেশ ভালো ব্যবধানেই হার মানতে হয় আনামুল হকের দলকে।
এর আগে টেস্ট খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ ক্রেইগ ব্র্যাথওয়েইটের ৯৯ এবং সুনীল আমব্রিসের ৪১ রান আড়াই শর কাছাকাছি পৌঁছে দেয় ওয়েস্ট ইন্ডিজকে।
দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, নুর হোসেন মুন্না ও দেওয়ান সাব্বির।
১১ অগাস্ট বিশ্বকাপের উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে আরো একটি অনানুষ্ঠানিক ও দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২৩ঘ.
bdnews24