ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিরাট কোহলির অপরাজিত শতক শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ৬ উইকেটের সহজ জয় এনে দিয়েছে ভারতকে। ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ায় ৫ ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত হয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়নদের। ওয়ানডেতে এটি ভারতের ৪০০তম জয়।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫১ রান করে স্বাগতিক দল। জবাবে ৪২ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অতিথিরা।
যদিও লক্ষ্য তাড়া করতে নেমে ৬০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিলো ভারত। তবে চতুর্থ উইকেটে মনোজ তিওয়ারির (২১) সঙ্গে ৫৯ ও পঞ্চম উইকেটে সুরেশ রায়নার (৫৮*) সঙ্গে ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন কোহলি।
ম্যাচ শেষে ১২৮ রানে অপরাজিত কোহলির ওয়ানডেতে এটি ত্রয়োদশ ও সিরিজে দ্বিতীয় শতক। ১১৯ বলের দুর্দান্ত ইনিংসটি ১২টি চার ও একটি ছক্কায় সাজানো। এর মধ্যে শেষ ৪২ রান এসেছে মাত্র ১৬ বলে। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি।
এর আগে তিলকরতেœ দিলশানের (৫১) সঙ্গে উপুল থারাঙ্গার (৪২) ৯১ রানের উদ্বোধনী জুটি শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেয়। এরপর তৃতীয় উইকেটে দীনেশ চান্দিমালের (২৮) সঙ্গে ৫০ ও পঞ্চম উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউসের (১৪) সঙ্গে ৩৫ রানের দুটো ভালো জুটি গড়েন লাহিরু থিরিমান্নে।
দলীয় ২১৯ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে থিরিমান্নের (৪৭) বিদায়ের পর শেষ দিকে লাসিথ মালিঙ্গা (১১ বলে ১৫*) ও রঙ্গনা হেরাথের (১৫ বলে ১৭*) আক্রমণাত্মক ব্যাটিংয়ে আড়াই শ পেরোয় শ্রীলঙ্কা।
৬১ রানে ৪ উইকেট নিয়ে অনিয়মিত লেগস্পিনার তিওয়ারি ভারতের সেরা বোলার।
শনিবার পাল্লে¬কেলেতে পঞ্চম ও শেষ ওয়ানডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩০৫ঘ.
bdnews24