ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে প্রথম ম্যাচে
বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল।
সোমবার ৫ উইকেটে ৩৮৮ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে ৪৪৫ রানে অলআউট হয়ে যায় বরোদা। আগের দিন শেষে ৬৭ রানে অপরাজিত কেদার দেবধর করেন ৯১ রান।
১৩০ রানে ৫ উইকেট নিয়ে ‘এ’ দলের সেরা বোলার এনামুল হক জুনিয়র।
প্রথম ইনিংসে ১১২ রানের লিড পাওয়া শাহরিয়ার নাফীসের দলের সামনে ৩৩৪ রানের জয়ের লক্ষ্য ছিলো। তবে এই কঠিন লক্ষ্য তাড়া করেনি তারা। স্কোরবোর্ডে ৪ উইকেটে ১৮৪ রান ওঠার পর শেষ হয়ে যায় খেলা।
সর্বোচ্চ ৫৯ রান করেন ইমরুল কায়েস। ৫২ রানে অপরাজিত থাকেন মুমিনুল হক।
১ অগাস্ট থেকে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কোল্টসের বিপক্ষে ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩০ঘ.
bdnews24