২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গম্ভীর-রায়নার নৈপুণ্যে ভারতের জয়

গৌতম গম্ভীরের একাদশ শতক ও সুরেশ রায়নার ঝড়ো অর্ধশতক শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় এনে দিয়েছে ভারতকে। ৫ ম্যাচের সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নরা এখন ২-১ ব্যবধানে এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 07:02 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গৌতম গম্ভীরের একাদশ শতক ও সুরেশ রায়নার ঝড়ো অর্ধশতক শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় এনে দিয়েছে ভারতকে। ৫ ম্যাচের সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নরা এখন ২-১ ব্যবধানে এগিয়ে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৮৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪৯ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির (৩৮) সঙ্গে ৯৫ ও তৃতীয় উইকেটে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন গম্ভীর। দলীয় ১৯৬ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে গম্ভীরের ব্যাট থেকে আসে ১০২ রান। ১০১ বলের ইনিংসে ১০টি চার। ষষ্ঠ উইকেটে ইরফান পাঠানের (৩৪*) সঙ্গে সুরেশ রায়নার ৯২ রানের অবিচ্ছিন্ন জুটি ২ বল হাতে রেখে জয় এনে দেয় ভারতকে। ৪৫ বলে ৬টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৬৫ রানের ম্যাচ জেতানো ইনিংসের সুবাদে রায়না ম্যাচ সেরা। এর আগে ২০ রানে ৩ উইকেট হারানো শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ায় কুমার সাঙ্গাকারা (৭৩) ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের (৬৫) ১২১ রানের জুটির সৌজন্যে। স্বাগতিকদের লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে অ্যাঞ্জেলো ম্যাথিউস (৭১*) ও জীবন মেন্ডিসের (৪৫*) ১০৪ রানের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিরও বিশাল অবদান। মঙ্গলবার একই মাঠে চতুর্থ ওয়ানডে হবে। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৬/৫ (থারাঙ্গা ৮, দিলশান ৪, সাঙ্গাকারা ৭৩, চান্দিমাল ০, জয়াবর্ধনে ৬৫, ম্যাথিউস ৭১*, মেন্ডিস ৪৫*; জহির ২/৩৯) ভারত: ৪৯.৪ ওভারে ২৮৮/৫ (গম্ভীর ১০২, শেবাগ ৩, কোহলি ৩৮, ধোনি ৩১, রোহিত ০, রায়না ৬৫*, ইরফান ৩৪*; মালিঙ্গা ২/৬০) ম্যাচ সেরা: সুরেশ রায়না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৫৪ঘ.