২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো খেলার প্রতিশ্রুতি আনামুলের

যুব ক্রিকেট বিশ্বকাপে ভালো খেলার প্রতিশ্র“তি দিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আনামুল হক বিজয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 10:30 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুব ক্রিকেট বিশ্বকাপে ভালো খেলার প্রতিশ্র“তি দিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আনামুল হক বিজয়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অগাস্টে অনুষ্ঠেয় নবম অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে শুক্রবার রাত সাড়ে নয়টার একটি ফ্লাইটে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যুব বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আনামুল বলেন, “বিশ্বকাপ অনেক বড় মঞ্চ, আশা করি এবার ভালো কিছুই হবে।” “বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা দলের কয়েক জনের রয়েছে। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগবে,” যোগ করেন তিনি। আনামুল ছাড়াও গত যুব বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে লেগ স্পিনার নুর হোসেন মুন্না ও সহ-অধিনায়ক কাজী নুরুল হাসানের। আর কোনো ম্যাচ না খেললেও বিশ্বকাপের দলে ছিলেন আসিফ আহমেদ রাতুল ও দেওয়ান সাব্বির। সেবার প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দলের শক্তি সম্পর্কে তিনি বলেন, “আমাদের পেস আক্রমণ বেশ ভালো। চোট সমস্যা না থাকলে তারা খুব ভালো করবেন। টপ অর্ডার খুব শক্তিশালী। অনেকে বিপিএলেও খেলেছেন।” “লেগ স্পিনার নুর হোসেন তো আছেনই এছাড়াও দুজন বাঁ-হাতি স্পিনার রয়েছেন। কয়েকজন অলরাউন্ডার আছেন যারা ভালো অফস্পিনও করতে পারেন। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ দলই পেয়েছি আমরা,” যোগ করেন আনামুল। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব মনে করলেও আনামুলের মূল লক্ষ্য শ্রীলঙ্কা। “দক্ষিণ আফ্রিকা ঐ কন্ডিশনে খেলে অভ্যস্ত। বেশ কঠিন হলেও তাদের হারানো সম্ভব। শ্রীলঙ্কা ঐ কন্ডিশনে খুব একটা খেলে না। অবশ্য তারপরও তারা সহজ প্রতিপক্ষ নয়।” অস্ট্রেলিয়ায় জাতীয় দলের বোলিং কোচ শেন জার্গেনসেনের কাছ থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনায় রোমাঞ্চিত আনামুল। তিনি বলেন, “জাতীয় দলের কোচ যদি সে সময় সহায়তা করেন তবে অবশ্যই পেসাররা বাড়তি উৎসাহ পাবেন।” বাংলাদেশ দল: আনামুল হক (অধিনায়ক), কাজী নুরুল হাসান (সহ-অধিনায়ক), আসিফ আহমেদ, সৌম্য সরকার, সালমান হোসেন, আল-আমিন, নুর হোসেন, মোসাদ্দেক হোসেন, নাঈম ইসলাম, নাসুম আহমেদ, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, দেওয়ান সাব্বির আহমেদ, আবু হায়দার রনি, লিটন কুমার দাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৬২০ ঘ.