ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাকিব আল হাসানকে পেছনে ফেলে আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন জ্যাক ক্যালিস। গত নভেম্বর থেকে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে ছিলেন সাকিব।
কিছু দিন আগে দেয়া এক সাক্ষাৎকারে অনেক দিন টেস্ট খেলার সুযোগ না পাওয়ায় শীর্ষস্থান হারানোর আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। সাকিবের সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। বলা যায় বিনা লড়াইয়েই সম্মানটা হারিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
সদ্য সমাপ্ত ওভাল টেস্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সাফল্য ক্যালিসকে আবার নিয়ে গেছে শীর্ষে। অপরাজিত ১৮২ রান ও ২ উইকেটের সুবাদে তার রেটিং এখন ৪২১। ৪০৪ রেটিং নিয়ে সাকিব বেশ পিছিয়ে পড়েছেন।
কুমার সাঙ্গাকারা এখনো ব্যাটিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেও শিবনারায়ণ চন্দরপলকে চারে ঠেলে দুই ও তিনে উঠে এসেছেন ক্যালিস ও হাশিম আমলা।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও র্যাংকিংয়ে পাঁচ নম্বরে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স। শততম টেস্টে শতক করা গ্রায়েম স্মিথ (৬) রয়েছেন তার ঠিক পেছনেই।
ওভালে ৭ উইকেট নিয়ে ডেল স্টেইন ধরে রেখেছেন টেস্ট বোলারদের র্যাংকিংয়ের শীর্ষস্থান। ৫ উইকেট নিয়ে দশ থেকে ছয় নম্বরে উঠে এসেছেন মর্নে মরকেল। এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার আরেক পেসার ভারনন ফিল্যান্ডার।
ওভালে প্রতিপক্ষের মাত্র দুটো উইকেট নেয়ায় পিছিয়ে পড়েছেন ইংল্যান্ডের বোলাররা। জেমস অ্যান্ডারসন দুই থেকে পাঁচে, স্টুয়ার্ট ব্রড তিন থেকে নয়ে এবং গ্রায়েম সোয়ান আট থেকে এগারো নম্বরে নেমে গেছেন। ২০০৯ সালের অগাস্টের পর এই প্রথম শীর্ষ দশ থেকে নেমে গেলেন সোয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫২ঘ.
bdnews24