ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তামিম ইকবাল ও অধিনায়ক মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে। বৃহস্পতিবার একই মাঠে দ্বিতীয় টি- টোয়েন্টি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
দি হেগের স্পোর্টসপার্ক ওয়েস্টভিলিয়েটে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৪ রান করে নেদারল্যান্ডস। জবাবে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
মোহাম্মদ আশরাফুলের বদলে সফরে প্রথমবারের মতো সুযোগ পাওয়া জুনায়েদ সিদ্দিকের (২৬) সঙ্গে তামিমের ৪৫ রানের উদ্বোধনী জুটির সৌজন্যে শুরুটা ভালোই হয় বাংলাদেশের।
এরপর টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষস্থানেে ক ছিটকে পড়া সাকিব আল হাসান (১২) র্ব্য হলেও মাত্র ৮ ওভার ৪ বলে গড়ে ওঠা তামিম-মুশফিকের ৮২ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটি সহজ জয় এনে দেয় বাংলাদেশকে।
টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতকের দেখা পাওয়া তামিম অপরাজিত থাকেন ৬৯ রানে। ৫৩ বলের ইনিংসটি ৫টি চার ও দুটি ছক্কায় সাজানো। আর ৩৭ রানে অপরাজিত মুশফিকের ২৪ বলের ইনিংসে ৪টি ছক্কা।
এর আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের শুরুটা মোটেও ভালো হয় নি। ইনিংসের প্রথম ওভারে ওয়েসলি বারেসি (০) ও তৃতীয় ওভারে টম কুপারকে (১) বিদায় করে দেন মাশরাফি বিন মুর্তজা।
চতুর্থ ওভারে সাকিব আল হাসান এরিক শোয়ারজিনস্কিকে (১) ফিরিয়ে দিলে ১৪/৩-এ পরিণত হয় ডাচরা।
হিসেবী বোলিংয়ে এ সময় স্বাগতিক ব্যাটসম্যানদের বেঁধে রাখেন মাশরাফি। প্রথম ৩ ওভারে মোটে ৫ রান দেন বাংলাদেশের সেরা পেসার।
চতুর্থ উইকেটে অধিনায়ক পিটার বোরেনের (১২) সঙ্গে ৩৮ ও পঞ্চম উইকেটে টম ডি গ্র“থের (২২) সঙ্গে ৪২ রানের জুটি গড়ে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন মাইকেল সোয়ার্ট।
৩৩ ও ৩৮ রানে দুবার জীবন পাওয়া সোয়ার্টের ব্যাট থেকে আসে ৫৭ রান। ৪১ বলের ইনিংসটিতে ৪টি চার ও ২টি ছক্কা।
মাশরাফির করা শেষ ওভারে ১৭ রান নিয়ে নেদারল্যান্ডসকে দেড়শর কাছাকাছি নিয়ে যান টিম গ্র“ইটার্স (২১*) ও পিটার সিলার (৯*)।
দুটি করে উইকেট নেন মাশরাফি ও সাকিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৫৭ ঘ.
bdnews24