ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওভাল টেস্টের প্রথম দিনটি বাজে কাটলেও ডেল স্টেইনের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকার বোলাররা। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ৩৮৫ রানে অলআউট করার পর দিন শেষে ১ উইকেটে ৮৬ রান করেছে অতিথিরা।
৯ উইকেটে হাতে নিয়ে প্রথম ইনিংসে এখনো ২৯৯ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা।
এর আগে ৩ উইকেটে ২৬৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের তৃতীয় ওভারেই অ্যালিস্টার কুককে বোল্ড করে দক্ষিণ আফ্রিকাকে প্রথম সাফল্য এনে দেন ডেল স্টেইন। আগের দিন বিশতম শতকে পৌঁছানো কুক এদিন আর ১ রান যোগ করে ১১৫ রানেই সাজঘরের পথ ধরেন।
নড়বড়ে জনি বেয়ারস্টোর বদলে খেলতে নেমে ৬ নম্বরে রবি বোপারার প্রথম ইনিংসটি মোটেও ভালো হয় নি। স্টেইনের পরের ওভারে রানের খাতা খুলার আগেই কুককে অনুসরণ করেন তিনি।
স্বস্তি¡তে ছিলেন না ১০ রান নিয়ে দ্বিতীয় ব্যাট করতে নামা ইয়ান বেলও। জ্যাক ক্যালিসের বলে বোল্ড হয়ে ৩ রান যোগ করে ১৩ রানেই বিদায় নেন তিনি। ২৭১/৩ থেকে ইংল্যান্ড পরিণত হয় ২৮৪/৬-এ।
স্বাগতিকদের তিনশ রান করা নিয়েই শঙ্কা তৈরি হলেও উইকেটরক্ষক ম্যাট প্রায়রের ৬০ রানের অনবদ্য ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত চারশ রানের কাছাকাছি যায় ইংল্যান্ড। ব্যক্তিগত ১৭ রানে জ্যাক রুডলফ সহজ ক্যাচ ফেলে না দিলে আরো আগেই ফিরতে পারতেন প্রায়র।
টিম ব্রেসন্যান, স্টুয়ার্ট ব্রড ও গ্রায়েম সোয়ানের সঙ্গে ৯৯ রান যোগ করে অতিথিদের হতাশা উপহার দেন প্রায়র। তার ৯০ বলের ইনিংসে ৯টি চার। প্রায়রের বিদায়ের পর বেশি দূর এগোয়নি ইংল্যান্ডের ইনিংস।
৭২ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার মরকেল। দ্বিতীয় দিন ১১৮ রানেই পড়েছে ইংল্যান্ডের শেষ ৭ উইকেট।
তৃতীয় সেশনে বৃষ্টির কারণে ১ ওভার পরেই খেলা বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘন্টা পর খেলা শুরু হলেও গ্রায়েম স্মিথ ও হাশিম আমলার মনসংযোগে কোনো চিড় ধরেনি।
জবাব দিতে নেমে ১ রানেই আলভিরো পিটারসন সাজঘরে ফিরে গেলে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় উইকেটে গ্রায়েম স্মিথ ৩৭* ও হাশিম আমলা ৪৭* ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ধাক্কা সামাল দেন।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৩৮৫ (স্মিথ ০, কুক ১১৫, ট্রট ৭১, পিটারসেন ৪২, বেল ১৩, বোপারা ০, প্রায়র ৬০, ব্রেসনান ৮, ব্রড ১৬, সোয়ান ১৫, অ্যান্ডারসন ২*; মরকেল ৪/৭২, ক্যালিস ২/৩৮, স্টেইন ২/৯৯, তাহির ১/৬১, ফিল্যান্ডার ১/৭৯)
দক্ষিণ আফ্রিকা: ৮৬/১ (স্মিথ ৩৭*, পিটারসন ০, আমলা ৪৭*, অ্যান্ডারসন ১/২৭)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৩৫ ঘ.
bdnews24