ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলে প্রতিভার কোনো কমতি নেই, ছোটখাটো ত্র“টি শোধরে ছয় মাসেই বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে উন্নীত করা সম্ভব বলে মনে করেন মহিলা ক্রিকেট দলের কোচ ওশাদি বীরাসিংহে।
মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বীরাসিংহে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েদের সঙ্গে এটাই আমার প্রথম সেশন। দলে প্রতিভার কমতি নেই বলেই মনে হয়েছে।”
“এ দেশের মহিলা ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে ছয় মাস যথেষ্ট সময়। বড় ধরনের কোনো পরিবর্তন প্রয়োজন হবে না, ছোটখাটো ভুলত্র“টি শোধরানো হলেই তা সম্ভব,” যোগ করেন ছয় মাসের জন্য মহিলা ক্রিকেট দলের দায়িত্ব নেয়া শ্রীলঙ্কার সাবেক এই অলরাউন্ডার।
বাংলাদেশের মহিলা ক্রিকেট নিয়ে খুব একটা ধারণা না থাকলেও তারা শ্রীলঙ্কার কাছাকাছি মানের ক্রিকেট খেলে বলে মনে করেন বীরাসিংহে।
তিনি বলেন, “এদেশের মহিলা ক্রিকেটের মান প্রায় শ্রীলঙ্কার সমপর্যায়ের। আমাদের লক্ষ্য হচ্ছে র্যাঙ্কিং ও মানে আরেকটু উন্নতি।”
“আজ যতটুকু দেখেছি তাতে স্পিন আক্রমণকেই সবচেয়ে শক্তিশালী বলে মনে হয়েছে। তবে বেশ কয়েকজন ভালো পেসার ও ব্যাটসম্যানও রয়েছেন,” যোগ করেন তিনি।
ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই উন্নতি চান বীরাসিংহে। এ ব্যাপারে তার নিজস্ব পরিকল্পনাও রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরুর আগে ম্যাচ কন্ডিশনে মেয়েদের দেখে নিতে চান তিনি।
তিনি বলেন, “সবার সম্পর্কে ভালো একটা ধারণা পেতে এক সপ্তাহর মতো সময় লাগবে। এর পরপরই আমরা পরিকল্পনা অনুযায়ী অনুশীলন শুরু করবো।”
“কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এখানে সেই সুযোগ, সুবিধাগুলোও রয়েছে, যোগ করেন তিনি।
টেকনিক্যাল অ্যাডভাইজার মমতা মাবেনের কাজ থেকে এরই মধ্যে দল সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন বীরাসিংহে। সেই ধারণা থেকে আয়ারল্যান্ড সফরে স্বাগতিক ও পাকিস্তানের বিপক্ষে জয়ের আশাই করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬২৩ ঘ.
bdnews24