ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিয়াউর রহমান ও ইলিয়াস সানির দুর্দান্ত অভিষেক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭১ রানের সহজ জয় এনে দিয়েছে বাংলাদেশকে।
এ জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। শুক্রবার একই মাঠে দ্বিতীয় ম্যাচে খেলেবে দুই দল। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের প্রথম জয়।
বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ সাকিবের ৩৩ বলে ৫৭ এবং জিয়ার ১৭ বলে অপরাজিত ৪০ রানের দুটো আক্রমণাত্মক ইনিংসের সৌজন্যে ৫ উইকেটে ১৯০ রান করে। জবাবে মাত্র ১৩ রানে ৫ উইকেট নেয়া সানির ঘূর্ণিতে বিভ্রান্ত আয়ারল্যান্ড ৮ উইকেটে ১১৯ রান করতে পারে।
লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের ২৬ রানের সুবাদে আয়ারল্যান্ডের শুরুটা ছিল দারুণ। তবে তৃতীয় ওভারে স্পিন আক্রমণ নিয়ে আসার পরেই স্বাগতিকদের রান তোলার গতিতে ভাটা পড়ে।
দলীয় ৩২ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গার পর ৩৪ রানে পল স্টারলিংও (৪) সাজঘরের পথ ধরেন। নবম ওভারে প্রথমবারের মতো বল করতে এসে পরপর দুই বলে এড জয়েস (১১) ও নিয়াল ও’ব্রায়েনকে (৮) ফিরিয়ে দিয়ে হ্যাটিট্রিকের সম্ভাবনা জাগানো সানি অস্বস্তি¡তে ফেলে দেন স্বাগতিকদের।
পরের ওভারেই বিপদজনক কেভিন ও’ব্রায়েনকে রানের খাতা খোলার আগেই বিদায় করে আয়ারল্যান্ডকে বড় একটা ধাক্কা দেন আব্দুর রাজ্জাক। এর পর সানি প্রতি ওভারে একটি করে উইকেট নিলে স্বাগতিকদের তিন অঙ্কের কোঠায় পৌঁছানো নিয়েই শঙ্কা তৈরি হয়।
শেষ পর্যন্ত গ্যারি উইলসনের অপরাজিত ৪১ রানের সুবাদে একশ পেরোয় স্বাগতিকরা।
এর আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুলের (১৫) সঙ্গে তামিম ইকবাল ৫ ওভারে ৩৫ রানের উদ্বোধনী জুুটি গড়েন। এই দুজন একটু দেখেশুনে খেললেও শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সাকিব।
দ্বিতীয় উইকেটে তামিমের (৩১) সঙ্গে ৬ ওভার ২ বলে সাকিবের ৫৯ রানের জুটি অতিথিদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দলীয় ৯৪ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তামিমের বিদায়ের পরও বাংলাদেশের রানের গতি কমেনি।
তবে অর্ধশতকে পৌঁছানোর পর সাকিব (৫৭) এবং তার পরপরই অধিনায়ক মুশফিকুর রহিমের (৬) দ্রুত বিদায়ে অস্বস্তি¡তে পড়ে অতিথিরা। ২৮ বলে অর্ধশতকে পৌঁছানো সাকিবের ৩৩ বলের ইনিংসে ৯টি চার।
দ্রুত দুই উইকেটের পতনের পর বাংলাদেশকে চেপে ধরার চেষ্টা চালায় আয়ারল্যান্ড। কিন্তু ১৬তম ওভারের শেষ দুই বলে জিয়া ও পরের ওভারের প্রথম দুই বলে মাহমুদুল্লাহ রিয়াদের (২৩) টানা চার ছক্কায় উল্টো চাপে পড়ে স্বাগতিকরা। পঞ্চম উইকেটে এ দুজন ১৩ বলে গড়েন ৩৪ রানের জুটি।
মাহমুদুল্লার বিদায়ের পর ১৭ বলে ৫টি ছক্কার সাহায্যে জিয়ার অপরাজিত ৪০ রানের সুবাদে দুশ রানের কাছাকাছি স্কোর গড়ে বাংলাদেশ। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ৫ ওভারেই আসে ৬৯ রান।
টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান। ২০০৬ সালের নভেম্বরে খুলনায় নিজেদের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৬ রানই ছিল এতোদিন দলটির সর্বোচ্চ। বাংলাদেশের বিপক্ষে সর্বনিু রানও হল এই ম্যাচে। ২০০৬ সালের সেই ম্যাচেই জিম্বাবুয়ের ১২৩ ছিল এতো দিন সর্বনিু।
আয়ারল্যান্ডের পক্ষে পল স্টারলিং ও ম্যাক্স সোরেনসেন দুটি করে উইকেট নেন।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর খেলা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১৩৬ ঘ.
bdnews24