ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দলে নতুন মুখ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। অগাস্ট-সেপ্টেম্বরে শারজা ও দুবাইয়ে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে দুদল।
ম্যাক্সওয়েল ছাড়া অস্ট্রেলিয়া দলে আরো দুটো চমক - এক বছরেরও বেশি সময় পর ওয়ানডে দলে ক্যালাম ফার্গুসনের ফেরা এবং জর্জ বেইলির কাছে টি-টোয়েন্টি নেতৃত্ব হারানোর ৬ মাস পর ক্যামেরন হোয়াইটের টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া।
পারিবারিক সমস্যার কারণে ইংল্যান্ড সফরে না থাকলেও মধ্যপ্রাচ্যে যাচ্ছেন মাইক হাসি। ঐ সফরের শুরুতে চোটের কারণে দেশে ফিরে যাওয়া প্যাট কামিন্স শুধু টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন। তবে বাদ পড়েছেন পিটার ফরেস্ট।
ওয়ানডে সিরিজের জন্য বিশ্রাম পাওয়া শেন ওয়াটসন ও বেন হিলফেনহস শুধু টি-টোয়েন্টি সিরিজে খেলবেন।
আফগানিস্তানের বিপক্ষে ২৫ অগাস্ট একমাত্র ওয়ানডে দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার মধ্যপ্রাচ্য সফর। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলটিই খেলবে আফগানদের বিপক্ষে।
অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে সিরিজ ২৮ অগাস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড, জর্জ বেইলি, ক্যালাম ফার্গুসন, মাইক হাসি, ডেভিড হাসি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল জনসন, জাভিয়ের ডোহার্টি, জেমস প্যাটিনসন, ক্লিন্ট ম্যাকে ও মিচেল স্টার্ক।
টি-টোয়েন্টি দল: জর্জ বেইলি (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, ম্যাথু ওয়েড, ডেভিড হাসি, মাইক হাসি, ক্যামেরন হোয়াইট, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ব্র্যাড হগ, গ্লেন ম্যাক্সওয়েল, জাভিয়ের ডোহার্টি, ক্লিন্ট ম্যাকে, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও বেন হিলফেনহস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৫ঘ.
bdnews24