ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের শফি দারাশাহ টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য রোববার ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।
এই দলে শাহরিয়ার নাফীস, ইমরুল কায়েস, রকিবুল হাসান, শুভাগত হোম চৌধুরীসহ জাতীয় দলের ৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। সুযোগ পেয়েছেন খুলনায় প্রস্তুতি ম্যাচে শতক করা ফরহাদ হোসেন এবং শামসুর রহমান শুভও।
ভারতের কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) আয়োজিত শফি দারাশাহ টুর্নামেন্ট ২৭ জুলাই থেকে ১৪ অগাস্ট পর্যন্ত ব্যাঙ্গালোর ও মহীশুরে অনুষ্ঠিত হবে। ভারতের চারটি আঞ্চলিক ও রাজ্য দলের পাশাপাশি শ্রীলঙ্কার একটি দলও অংশ নেবে চার দিনের ম্যাচের এই প্রতিযোগিতায়।
শফি দারাশাহ টুর্নামেন্টে ‘এ’ দল কমপক্ষে তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে। ফাইনালে উঠতে পারলে সংখ্যাটা হবে চার।
বাংলাদেশ ‘এ’ দল: শাহরিয়ার নাফীস, ইমরুল কায়েস, মুমিনুল হক, নাঈম ইসলাম, শামসুর রহমান শুভ, ফরহাদ হোসেন, রকিবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ মিঠুন, এনামুল হক, সোহাগ গাজী, শাহাদাত হোসেন, আলাউদ্দিন বাবু, ডলার মাহমুদ ও কাজী কামরুল ইসলাম।
অপেক্ষমান: রবিউল ইসলাম, নাসিরউদ্দিন ফারুক, আরাফাত সানি ও আল-আমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৫ঘ.
bdnews24