ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন বাঁহাতি পেসার ইরফান পাঠান। পায়ের চোটের কারণে বিনয় কুমার তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় সুযোগ পেয়েছেন তিনি।
গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছিলেন ইরফান। এরপর দুটি ওয়ানডে টুর্নামেন্টে খেলেছিলেন তিনি, প্রথমটি অস্ট্রেলিয়ার সিবি সিরিজ ও পরেরটি বাংলাদেশের এশিয়া কাপে।
সিবি সিরিজে ৪টি উইকেট পেয়েছিলেন পাঠানদের ছোট ভাই। ভারত ফাইনালে উঠতে ব্যর্থ হলেও এশিয়া কাপটা তার মন্দ কাটেনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৪টি সহ মোট ৬টি উইকেট নিয়েছিলেন তিনি।
ভারত-শ্রীলঙ্কা ৫টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে। ২১ জুলাই হাম্বানটোটায় প্রথম ওয়ানডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৯ঘ.
bdnews24