২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিভ ওয়াহর লি-বন্দনা

স্টিভ ওয়াহর উচ্ছ্বসিত প্রশংসায় সিক্ত সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ব্রেট লি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের অভিমত, ধারাবাহিকভাবে তীব্র গতিতে বল করে বর্তমান সময়ের পেসারদের সামনে একটা মান নির্ধারণ করে দিয়েছেন এই গতি-তারকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্টিভ ওয়াহর উচ্ছ্বসিত প্রশংসায় সিক্ত সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ব্রেট লি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের অভিমত, ধারাবাহিকভাবে তীব্র গতিতে বল করে বর্তমান সময়ের পেসারদের সামনে একটা মান নির্ধারণ করে দিয়েছেন এই গতি-তারকা। স্টিভ ওয়াহ জানান, তার সন্তানসহ অনেক শিশুই লির দিকে তাকিয়ে থাকে, তার পদাঙ্ক অনুসরণ করতে চায়। অস্ট্রেলিয়ার ‘দ্য এজ’ পত্রিকাকে তিনি বলেন, “আমি মনে করি তার (ব্রেট লির) ক্যারিয়ারটা অসাধারণ। অনেকভাবেই সে পেসারদের সামনে মান নির্ধারণ করে দিয়েছে। সাধারণত ৩০ বছর হয়ে গেলে একজন পেসারের বলের গতি কমে আসে এবং সে তার ক্ষমতার আশি শতাংশ গতিতে বল করে।” “তবে লি তার পুরো ক্যারিয়ারে শতভাগ গতিতেই বল করেছে। এটা একেবারে অবিশ্বাস্য। কারণ অনেক চোট কাটিয়ে, ব্যথা সহ্য করে, শরীরের ওপর অনেক চাপ নিয়ে তাকে বল করতে হয়েছে,” যোগ করেন লি’র এক সময়ের সতীর্থ স্টিভ ওয়াহ। অস্ট্রেলিয়ার অনেক স্মরণীয় সাফল্যের অধিনায়ক আরো বলেন, “তার প্রাণোচ্ছ্বলতা এক কথায় অবিশ্বাস্য। ৩৪/৩৫ বছর বয়সেও ক্রিকেটের প্রতি তার আত্মনিবেদনের কারণে তাকে টুপি খুলে সম্মান জানাতে চাই। সে সব সময় নিজের শতভাগ ঢেলে দিয়ে খেলেছে। সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বল করেছে। ক্রিকেট-ইতিহাসে খুব কম বোলারই এমনটা করতে পেরেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২২ঘ.