ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজ শুরুর ব্যাপারে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে নতুন প্রস্তাব দিয়েছেন তিনি।
আশরাফ এবার ভারতের মাঠেই তাদের বিপক্ষে ঘরোয়া সিরিজ খেলার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, “ভারতের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ দ্রুত শুরু করতে চাই আমরা। বিসিসিআইয়ের কাছে আমাদের প্রস্তাব হচ্ছে, হয় তারা সফরে আসুক, না হয় ঘরের মাঠে খেলুক, নয়তো নিরপেক্ষ ভেন্যুতে আমাদের সঙ্গে খেলুক।”
“ভারতের দুটি স্টেডিয়াম আমাদেরকে দেয়া হোক, আমরা সেখানেই সিরিজ আয়োজন করবো,” যোগ করেন আশরাফ।
বিসিসিআই প্রস্তাব বিবেচনা করলে পিসিবি তাদের সঙ্গে আলোচনায় বসতে পারে বলে জানিয়েছেন আশরাফ।
২০০৮ সালে মুম্বাইয় হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ বন্ধ হয়ে আছে। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর সেখানে সফর করছে না কোনো টেস্ট খেলুড়ে দেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১৩ ঘ.
bdnews24