ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপক (লজিস্টিকস অ্যান্ড প্রটোকল) আরেফিন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন বাংলাদেশ দলের সদস্যরা।
তবে স্পিনার আব্দুর রাজ্জাক বুধবার দলের সঙ্গে যাননি। বিয়ের কারণে ছুটিতে থাকা রাজ্জাক পরে আয়ারল্যান্ডে পৌঁছাবেন বলে জানান আরেফিন।
এই সফরে ১৬ জুলাই আয়ারল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক বাহিনী। এরপর বেলফাস্টের স্টোরমন্টে ১৮, ২০ ও ২১ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা।
আয়ারল্যান্ড সফর শেষে ২২ জুলাই নেদারল্যান্ডসের হেগ-এ যাবে বাংলাদেশ দল। সেখানে ২৪ জুলাই স্কটল্যান্ডের বিপক্ষে এবং পরদিন নেদারল্যান্ডসের বিপক্ষে একটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১৩৩২ ঘ.
bdnews24