ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটো বিশ্বকাপেই আয়ারল্যান্ডের কাছে হার মানতে হয়েছিলো বাংলাদেশকে। তবে আসন্ন আয়ারল্যান্ড সফরে আইরিশদের নিয়ে দলে কোনো ভীতি না থাকার কথাই জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
৩টি টি-টোয়েন্টি খেলতে যাওয়ার আগে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “আমাদের দলে কোনো আয়ারল্যান্ড-ভীতি নেই।”
“শুধু আয়ারল্যান্ড নয়, দেশের বাইরে প্রায় কারো সঙ্গেই আমাদের পারফরম্যান্স তেমন ভালো নয়।
তবে আমাদের বর্তমান দলটি প্রায় তিন বছর ধরে এক সঙ্গে খেলছে। তাই এবার ভালো করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকভাবে ভালো খেলে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস অর্জন,” যোগ করেন তিনি।
বাংলাদেশের অধিনায়ক আরো জানান, “আয়ারল্যান্ডের উইকেট, আবহাওয়া সবই ভিন্ন ধরনের। তবে প্রথম ম্যাচের ছয় দিন আগে আমরা যাচ্ছি। মাঝখানে একটা প্রস্তুতি ম্যাচও আছে। মনে হয় মানিয়ে নিতে তেমন সমস্যা হবে না।”
যদিও এই সফরে ব্যর্থ হলে সেপ্টেম্বর-অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার আত্মবিশ্বাস জোর ধাক্কা খাবেই। মুশফিক অবশ্য ভালো করার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী।
তিনি বলেন, “মনে হয় না সিরিজটা খুব বেশি কঠিন হবে। সাকিব আল হাসান দলে ফিরেছেন, তামিম ইকবালও প্রায় সুস্থ হয়ে উঠছেন। মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাকরাও আছেন। সবাই ভালো খেললে জেতা কঠিন হবে না।”
“টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করার সুযোগ বলা যায় এই সফরকে। যত বেশি টি-টোয়েন্টি খেলবো ততই এ ধরনের ক্রিকেটে উন্নতি করতে পারবো। বেশি-বেশি ম্যাচ খেলেছি বলে ওয়ানডেতে আমরা একটা সম্মানজনক জায়গায় পৌঁছাতে পেরেছি। টি-টোয়েন্টিতেও তেমন জায়গায় যেতে চাই,” যোগ করেন জাতীয় দলের অধিনায়ক।
এদিকে মঙ্গলবার মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে তৃতীয় প্রস্তুতি ম্যাচে ‘এ’ দলের কাছে ৮ উইকেটে হার মেনেছে জাতীয় দল। টস জিতে ব্যাট করতে নেমে মুশফিকের ৫৯ ও জিয়াউর রহমানের ৬৮ রানের সুবাদে জাতীয় দলের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৪৩ রান। জবাবে রকিবুল হাসানের ১৪০ ও শাহরিয়ার নাফীসের অপরাজিত ৮৫ রানের সুবাদে ৫ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ‘এ’ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৩ঘ.
bdnews24