ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্যের জন্য আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে সফরে জেতার অভ্যাস গড়ে তুলতে হবে বলে মনে করেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।
আয়াল্যান্ড সফরের জন্য মিরপুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে অনুশীলন শেষে তামিম বলেন, “টি-টোয়েন্টি ম্যাচ বেশি না খেলায় এই ফরম্যাটে আমরা খুব একটা ভালো করি না। বেশি ম্যাচ খেললে সংক্ষিপ্ততম এই ফরম্যাটেও ভালো করা সম্ভব।”
শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার আগে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো পেস সহায়ক উইকেটে খেলা বুমেরাং হবে কী না জানতে চাইলে তামিম বলেন, “কন্ডিশন তো অবশ্যই একটা বড় ব্যাপার। তবে ভিন্ন কন্ডিশনে গিয়েও জেতার অভ্যাস তৈরি করতে পারলে সেটি বিশ্বকাপে ইতিবাচক প্রভাব ফেলবে। কন্ডিশন নিয়েও তখন খুব একটা সমস্যা হবে না।”
তবে যাদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ জিতে অভ্যাসটা গড়ে তুলতে চান তাদের খাটো করে দেখছেন না তামিম।
“আয়ারল্যান্ড শক্তিশালী দল, নিজেদের মাঠে তারা আরো ভালো খেলে। তাদের হারাতে হলে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।”
বিশ্বকাপের আগে টানা তিন মাস শুধু টি-টোয়েন্টি ক্রিকেট খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত তামিম বলেন, “অন্যরা কিন্তু শুধু টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছে না। তাদের ওয়ানডে, টেস্ট সবই খেলতে হচ্ছে। আমাদের ভাবনায় এখন কেবল টি-টোয়েন্টিই। আশা করি বিশ্বকাপে এর ইতিবাচক ছাপ পাওয়া যাবে।”
চোটের কারণে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে না পারলেও সফরের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠার প্রত্যাশা তামিমের।
তিনি বলেন, “চোটের কারণে দলের সঙ্গে সেভাবে অনুশীলন করার সুযোগ পাচ্ছি না। তবে সব মিলিয়ে দলের প্রস্তুতি ভালো হচ্ছে।”
“দলের সবার ফিটনেস এবার খুব ভালো পর্যায়ে রয়েছে। অন্য যে কোনো বারের চেয়ে এবার রিপোর্ট ভালো এসেছে,” যোগ করেন তিনি।
তিনি বলেন, “এখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচ আছে, সেগুলোতে নাও খেলা হতে পারে। আশা করি, সম্পূর্ণ সুস্থ হয়ে আয়ারল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচে খেলতে পারব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৪০৫ ঘ.
bdnews24