ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘বিশ্বকাপ স্কোয়াড’ সাজাতে বেশি ম্যাচ চান প্রধান নির্বাচক আকরাম খান। সাংবাদিকদের জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচকদের মাথায় রয়েছে, তাদেরকে যতবেশি সম্ভব ম্যাচ খেলার সুযোগ দিতে চান তারা।
মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে জাতীয় দল ও ‘এ’ দলের মধ্যকার প্রস্তুতি ম্যাচ চলাকালে সাংবাদিকদের আকরাম বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড আমাদের মাথায় রয়েছে। তাদের আরো বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে চাই।”
সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
জিম্বাবুয়ে সফরের শিক্ষা আয়ারল্যান্ড সফরে কাজে লাগবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, “জিম্বাবুয়েতে আমাদের মানিয়ে নিতে দেরি হয়েছে। ভাগ্যও আমাদের সঙ্গে ছিল না তবে সতর্ক থাকলে অন্তত আরেকটি ম্যাচ জেতা সম্ভব ছিল।”
“আয়ারল্যান্ডে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। সেই সঙ্গে দ্রুত শেখার প্রবণতা তৈরি করতে হবে,” যোগ করেন তিনি।
আয়ারল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করেন প্রধান নির্বাচক। উইকেটে অনেক রান থাকবে বলে আশা করছেন তিনি।
কথা বলেছেন বাংলাদেশ ‘এ’ দল নিয়েও। একটি চারদিনের ম্যাচে টুর্নামেন্টে খেলতে এ মাসের শেষ সপ্তাহে ভারতে যাবে ‘এ’ দল।
তিনি বলেন, “খুলনায় ‘এ’ দলের খেলোয়াড়রা নিজেদের মধ্যে দুটি দুদিনের ম্যাচ খেলবেন। পরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের সঙ্গেও তিনটি ওয়ানডে খেলবেন তারা। অনুশীলনের চেয়ে ম্যাচ খেলাই বেশি গুরুত্বপূর্ণ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯৫২ ঘ.
bdnews24