ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ভালো করতে হলে বেশি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রতি গুরুত্বারোপ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার ফাঁকে সাংবাদিকদের মাশরাফি বলেন, “কম ম্যাচ খেলাই টি-টোয়েন্টিতে ভালো না করার মূল কারণ।”
“সাকিব (আল হাসান) ছাড়া আর কেউ বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান নি। সা¤প্রতিক সময়ে আমরা বেশ কয়েকটি ম্যাচ খেলেছি। এই ফরম্যাটে ভালো করতে হলে আমাদের আরো বেশি ম্যাচ খেলতে হবে,” যোগ করেন তিনি।
তিনি বলেন, “টি-টোয়েন্টিতে এখনো আমরা ভালো দল নই। এই ফরম্যাটে বোলিংয়ে আমাদের আরো বেশি জোর দিতে হবে।”
অতীতের বাজে স্মৃতি ঝেড়ে ফেলে আয়ারল্যান্ডে ভালো খেলার ব্যাপারে আশাবাদী দেশ সেরা এই পেসার। তিনি বলেন, “দলের সবাই ছন্দে আছেন। সাকিব, শফিউল (ইসলাম) দলে ফিরেছেন। সফরে আমাদের ‘ব্যালেন্স’ ঠিক রেখে খেলতে হবে।”
“আয়ারল্যান্ডের উইকেট খুব একটা ভিন্ন হবে বলে মনে হয় না। ফ্ল্যাট উইকেটেই টি-টোয়েন্টি খেলা হয়। সেখানে আমাদের ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে এবং ভালো করতে হবে,” যোগ করেন তিনি।
প্রথম প্রস্তুতি ম্যাচে ৯৩ রানে ‘এ’ দলকে হারিয়েছে জাতীয় দল। অর্ধশতক পেয়েছেন সাকিব (৯৭), জহুরুল ইসলাম (৭২) ও অধিনায়ক মুশফিকুর রহিম (৬২)। তাদের ব্যাটিংয়ের প্রশংসা করে মুশফিক বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে ‘ক্লিন হিটিং’য়ের কোনো বিকল্প নেই। এই ম্যাচে ঠিক তাই করে দেখিয়েছেন ব্যাটসম্যানরা।”
আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২৭৩ রান করে জাতীয় দল। জবাবে ৬ উইকেটে ১৮০ রান করে ‘এ’ দল।
বৃষ্টির কারণে অবশ্য দ্বিতীয় ম্যাচটি মাঝপথেই পরিত্যক্ত হয়। টস জিতে ব্যাট করতে নেমে খেলা বন্ধ হওয়ার আগে ১৯ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করে ‘এ’ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৩৫ ঘ.
bdnews24